২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাবুদ্দীন আত্মীয়দেরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দেননি: নূর

রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে আত্মীয়-স্বজনদের বিষয়েও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ‘সুনির্দিষ্ট নির্দেশনা’ ছিল বলে স্মৃতিচারণে জানালেন তার স্বজন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 07:10 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

রোববার সকালে জাতীয় ঈদগাহে প্রয়াতের জানাজার আগে সাংবাদিকদের কাছে স্মৃতিচারণ করেন তিনি।

সাহাবুদ্দীনের বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীনের স্বামী একই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর বড় ভাই হলেন আসাদুজ্জামান নূর। সিতারা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান।

তালুইয়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে নূর বলেন, “আমরা যারা আত্মীয়-স্বজন ছিলাম, তিনি যতদিন বিভিন্ন দায়িত্বে ছিলেন আমরা কখনও তার ঘনিষ্ঠ হতে পারিনি। এ ব্যাপারে তার সুনির্দিষ্ট নির্দেশ ছিল।

“আমার মনে পড়ে, তিনি যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি আমার মাকে ফোন করে বলেছিলেন যে, আমি যেন তাদের বাসভবনে যাওয়া-আসা না করি। যেহেতু আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। এভাবেই তিনি জীবনযাপন করেছেন, তার জীবনটা খুবই সহজ-সরল ছিল। একজন সরল-সহজ, স্বচ্ছ ও সৎ মানুষ ছিলেন, তিনি নির্ভীক মানুষ ছিলেন।”

নীতির প্রশ্নে সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীনের আপসহীনতার কথা তুলতে গিয়ে নূর বলেন, “তার যে রাজনৈতিক প্রজ্ঞা বা বিশ্বাস বা নীতিবোধ, সেই জায়গাটা থেকে তিনি কখনো বিচ্যুত হননি। চেষ্টা করেছেন তার নিজের জায়গাটাতে থাকার জন্য।

“সেটা করতে গিয়ে হয়ত অনেক সমালোচনার মধ্যেও পড়েছেন তিনি। কিন্তু তারপরেও তিনি তার জায়গা থেকে কখনো বিচ্যুত হননি। আমি তার সম্পর্কে বেশি কথা বলতে চাই। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই।”

আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রত্যাশা জানিয়ে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তিনি যে ভূমিকা পালন করেছেন, সেগুলো দৃষ্টান্ত হয়ে আছে। আশা করি, আমরা আমাদের জাতীয় জীবনে সেই দৃষ্টান্তগুলো অনুসরণ করব।”

সাহাবুদ্দীন আহমদ: বাংলাদেশের ইতিহাসের সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায়

সাহাবুদ্দীন আহমদ বেঁচে থাকবেন তার বিচারিক সিদ্ধান্তে: প্রধান বিচারপতি  

Image
নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমান

নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমান

নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, “গণতন্ত্র পুনরূদ্ধারে তিনি যে অবদান রেখে গেছেন, তা অবিস্মরণীয়। তিনি এমন একটা সময়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যখন দেশে একটা ক্রান্তিকাল অতিক্রম করছিল। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো যে, আমরা যদি এই ক্ষণজন্মা ব্যক্তিকে না পেতাম, তাহলে হয়তবা দেশের পরিস্থিতি ভিন্ন দিকে রূপ নিত।”

১৯৯০ সালে বিচারপতি সাহাবুদ্দীনের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের সময়ের প্রেক্ষাপট তুলে ধরে ডাকসুর তৎকালীন ভিপি আমান বলেন, “আপনারা জানেন, যখন তিন জোট- ৮ দল, ৭ দল ও ৫ দল সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এমনই সময়ে আমরা ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদের বাসা ঘেরাও করে বললাম- এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এখান থেকে তা নির্ধারণ করতে হবে। বিভিন্ন দল থেকে বিভিন্ন মতামত আসছিল। পরবর্তীতে সাহাবুদ্দীন সাহেবের নামটা আসল, তখন সব দল মেনে নিলেন। তখন ঘোষণা হলো তিনিই (বিচারপতি সাহাবুদ্দীন আহমদ) তত্বাবধায়ক সরকারের প্রধান।”

গণতন্ত্র পুনরূদ্ধারে দুইবারের রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের অবদানের কথা বলতে গিয়ে বিএনপি নেতা আমান বলেন, “পরবর্তীতে আমরা দেখেছি তার নিরপেক্ষতা। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তিনি গিয়েছিলেন, আরেক দিকে শেখ মুজিবুর রহমানের মাজারে তিনি গিয়েছিলেন।

“তার নিরপেক্ষতা দেখে বাংলাদেশের জনগণ মনে করেছিলো যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেটিই হয়েছিলো। সেই নির্বাচনের প্রেক্ষিতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। আজকের এই দিনে আমরা তাকে অনুসরণ করব। আমরা মনে করি, এরকম বিচক্ষণ ক্ষণজন্মা পুরুষের আবার প্রয়োজন দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, গণতন্ত্র পুনরূদ্ধারের জন্যে। আজকে গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভুলণ্ঠিত।”

বিচারপতি সাহাবুদ্দীন আহমদের আত্মার মাগফেরাত কামনা করেন নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্যের আহ্বায়ক আমান।

২৪ মার্চ দোয়া-মাহফিল

বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের ছোট ছেলে সোহেল আহমেদ জানান, আগামী ২৪ মার্চ গুলশানের ৫৯ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় তার বাবার জন্য দোয়া-মাহফিল হবে। 

গত ১২ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসায় সহযোগিতাসহ সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সরকারের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত বিচারপতির ছোট ছেলে।