সাক্ষী আসেনি, মঞ্জুর হত্যা মামলার শুনানি পিছিয়ে ১৬ মে
দীর্ঘ চার দশক আগের মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে আদালতে সাক্ষী না আসার কারণে।
রোববার এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল।
কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় বিচারক দিলারা আলো চন্দনা আগামী ১৬ মে পরবর্তী তারিখ রাখেন।
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
মেজর জেনারেল আবুল মঞ্জুর
সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিনের দেওয়া সম্পূরক অভিযোগপত্রের বাকি তিন আসামি হলেন- অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শমসের। তারা সবাই জামিনে রয়েছেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। ওই ঘটনার পর পুলিশের হাতে আটক হন জেনারেল মঞ্জুর। পুলিশ হেফাজত থেকে ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।
এর ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন মঞ্জুরের ভাই। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা তখনকার সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ অভিযোগপত্র দেন এবং বিচার শুরু করে আদালত।
তবে সরকার বদল এবং দফায় দফায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে মামলার বিচারকাজ শেষ পর্যায়ে আসতে লেগে যায় আরো ১৮ বছর।
মামলার শুনানির সময় আত্মপক্ষ সমর্থনে এরশাদ বলেন, জেনারেল মঞ্জুরকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেয়ার জন্য তৎকালীন সরকার রেডিও টিভিতে ৫ লাখ টাকা ঘোষণা পুরস্কার ঘোষণা করেছিল। তবে ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
“ধরা পড়ার পর মেজর মঞ্জুরকে চট্টগ্রাম সেনানিবাসে আনার পথে বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পরে নিরাপত্তা প্রহরীর সঙ্গে গুলি বিনিময় হয়। একপর্যায়ে আবুল মঞ্জুর গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান।”
২০১৪ সালের ২২ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক হোসনে আরা আকতার ওই বছরের ১০ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু রায়ের মাত্র ১৩ দিন আগে মামলাটি পুনঃতদন্তের আদেশ দেওয়া হয়।
মামলা শুরুর পর থেকে ২২ জন বিচারক এ মামলাটিতে দায়িত্ব পালন করেছেন।
