২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ, ১ নম্বর সংকেত

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 03:38 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

ভারতীয় আবহাওয়া অফিস বলছে, এ ঘূর্ণিবায়ুর চক্র আরও ঘনীভূত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সোমবার তা ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। 

ঘূর্ণিঝড়ের রূপ নিলে তখন এর নাম হবে আসানি। এটি শ্রীলঙ্কার দেওয়া নাম।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস ঠিক থাকলে আন্দামান দ্বীপপুঞ্জের কাছ দিয়ে মিয়ানমার উপকূলের দিকে যেতে পারে এ ঝড়।

সেক্ষেত্রে বাংলাদেশের ওপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন না বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক।

তাপপ্রবাহ আরও কয়েকদিন, সর্বোচ্চ রাজশাহীতে ৩৮.৪ ডিগ্রি  

রোববার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৮০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার বিশেষ বুলেটিনে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।