২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি ‘আত্মা’র

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি তুলেছে তামাকবিরোধী জোট ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 01:00 AM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার আত্মা’র ভার্চুয়াল সভায় এই দাবি জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকাশ্যে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত করতে হবে।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যায়। এখনও দেশে প্রায় ৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

“তাই সংশোধনীর মাধ্যমে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনটি যুগোপযোগী করতে হবে।”

আইন সংশোধনীর যেসব প্রস্তাব তুলে ধরা হয় সেগুলো হচ্ছে, ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত সহ সকল পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ বা সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা এবং প্যাকেটবিহীন জর্দা-গুল বিক্রয় নিষিদ্ধ করা, ই-সিগারেট এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি) সহ সকল ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধিসহ তামাকপণ্য মোড়কজাতকরণে কঠোর বিধিনিষেধ আরোপ করা। 

আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় প্রায় ৪০ জন সদস্যের উপস্থিতিতে অনলাইনে আত্মার কার্যক্রম তুলে ধরেন অপর কো-কনভেনর মিজান চৌধুরী। আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটনের শুভেচ্ছা বক্তব্যের পর বিশেষ আলোচনায় অংশ নেন দেশ টিভির এডিটর সুকান্ত গুপ্ত অলক। অতিথি আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ’র লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, হাসান শাহরিয়ার প্রমুখ।