বিমান বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক মান অর্জনে জোর প্রধানমন্ত্রীর
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর সদস্যদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাহিনীর বহরে ‘জিআরওবি-১২০টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। যশোরে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
বাংলাদেশের বিমান বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সুনাম অর্জন করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাদের কাজ করতে হয়। সেই বিবেচনা থেকে আমি সব সময় মনে করি আমাদের প্রতিটি বৈমানিক, প্রতিটি সদস্য- প্রত্যেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং পাক। সেটার ওপর আমি সব সময় গুরুত্ব দিই।”
শেখ হাসিনা বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধে বিশ্বাস করি না। আমাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার।
“সেভাবেই আমাদের সব সময়, প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধশিক্ষা - সব শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে এবং সেজন্য আমি সব সময় প্রশিক্ষণকে বেশি গুরুত্ব দিই।”
প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর উন্নততর এবং যুগোপযোগী উড্ডয়ন প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার এর আগে ফ্লাই-বাই-ওয়্যার এবং ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক-ওয়ান থার্টি কমব্যাট ট্রেইনার, কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার, এল-ফোর ওয়ান জিরো ট্রান্সপোর্ট ট্রেইনার, এডব্লিউ-ওয়ান ওয়ান নাইন কেএক্স, হেলিকপ্টার ট্রেইনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর বহরে যুক্ত হল ১২টি ‘জিআরওবি-১২০টিপি’ প্রশিক্ষণ বিমান।
বিমান বাহিনীর সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময়ে আপনারা দেশ ও জনগণের সেবায় যেভাবে আত্মনিয়োগ করেছেন তা নিঃসন্দেহে ধন্যবাদ ও প্রশংসার দাবি রাখে।”
প্রাকৃতিক দুর্যোগে মানবতার সেবায় বিমান বাহিনীর অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে তিনি চলমান কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সদস্যদের কার্যক্রমেরও প্রশংসা করেন।
বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন সরকারপ্রধান।
