২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর সম্প্রসারণ কাজের গতি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করার পাশাপাশি চট্রগ্রামের শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে জন্য জমি অধিগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 02:41 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

তার দপ্তর থেকে জানানো হয়েছে, ‘হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক উপস্থাপনা মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

এ সময় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ নির্মাণ কাজের গতি বাড়ানোর কথা বলে ভবিষ্যতের কথা মাথায় রেখে সংশ্লিষ্টদের কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। 

একই সঙ্গে তিনি ‘সিকিউরিটি সার্ভিস’ বাড়াতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ বাড়ানোর নির্দেশনা দেন এবং চট্টগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের কথা বলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আয় বাড়ানোর তাগিদ দেন।

শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের সার্বিক নির্মাণে কাজের ৩২ শতাংশ অগ্রগতি হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

২০২৩ এর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

গণভবনে প্রকল্প কাজের অগ্রগতি তুলে ধরার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।