পররাষ্ট্রের কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের মামলা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের বিরুদ্ধে ১৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪১ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দদুকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন বলে সংস্থাটির উপপরিচালক মুহাম্মাদ আরিফ সাদেক জানিয়েছেন।
কেনিয়ায় বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন (৪০) ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ১৯৯৫ সালে কুয়েত দূতাবাসে পদায়ন হয় তার। পরে দায়িত্ব পান কেনিয়া মিশনে।
মামলার এজাহারে বলা হয়, তিনি ১৫ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ র্অজন করেছেন। এছাড়া অবৈধ কার্যক্রমের মাধ্যমে উপার্জিত ৪১ কোটি ৩৬ লাখ সাত হাজার টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে পাচার করেছেন।
২০২১-২০২২ অর্থ বছরের আয়কর নথি অনুযায়ী জাকিরের নামে ঢাকার ধানমণ্ডিতে ফ্ল্যাট, নন্দিপাড়ায় পাঁচতলা ভবন, ১৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের টয়োটা গাড়ি, নগদ ১৯ লাখ ১৯ হাজার ৯৭০ টাকা ও ব্যাংকে গচ্ছিত ৭২ হাজার ৫০৬ টাকাসহ মোট ১৫ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৭৬ টাকা পাওয়া যায় বলে এজাহারে বলা হয়।
“এসব সম্পদের বিপরীতে আয়ের উৎস সম্পর্কে তিনি সঠিক রেকর্ড/তথ্যাদি/হিসাব প্রর্দশন করতে সক্ষম হননি বিধায় উক্ত সম্পদ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।”
দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে মামলায় বলা হয়, জাকির হোসেনের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখায় ২০১৩ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে সাতটি একাউন্টরে মাধ্যমে ৩১ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৯১৩ টাকা, সোনালী ব্যাংকের ভিকারুননিসা নুন স্কুল শাখার একটি একাউন্টের মাধ্যমে চার কোটি তিন লাখ ১০ হাজার ৯৩০ টাকা এবং ২০২০ সালের জুনে পদ্মা ব্যাংকের ধানমণ্ডি শাখায় ১৫টি মেয়াদী এফডিআর হিসাবে পাঁচ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ১৫৯ টাকাসহ মোট ৪১ কোটি ৩৬ লাখ সাত হাজার দুই টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।
মহানগর দায়রা জজ আদালতের আদেশে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ব্যাংক একাউন্টগুলো অবরুদ্ধ করা হয় বলেও এজাহারে জানানো হয়।
জাকির হোসেনের বিরুদ্ধে এজাহারে বলা হয়, “তিনি একজন সরকারি র্কমর্কতা হয়েও অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার মানসে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করেন।”
