২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালির মাথা উঁচু করে চলার শ্লোগান ‘জয় বাংলা’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মাথা উঁচু করে চলার অনুপ্রেরণা ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান ঘোষণার মাধ্যমে সরকার বিশ্বে এ বার্তাই পৌঁছে দিতে চেয়েছে যে, বাঙালি মাথা নিচু করে নয়, বরং মাথা উঁচু করেই চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 12:38 AM

Updated : 02 Aug 2022, 03:07 PM

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক শ্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত ‘জয় বাংলা উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, “এ জয় বাংলা শ্লোগানটা আজ সকলের হয়েছে এবং এ শ্লোগানের মধ্য দিয়ে আমরা এটাই বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চাই- আমরা বিজয়ী জাতি, আমরা বিজয় অর্জন করেছি, মাথা নত করে আমরা চলি না, মাথা নত করে চলব না; বিশ্ব দরবারে বাঙালি মাথা উঁচু করেই চলবে।“

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত এ অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা তার ছোটবোন শেখ রেহানার কথা উল্লেখ বলেন, আমরা দুজনেই আজকে সব থেকে বেশি খুশি। কারণ এ জয় বাংলা শ্লোগান এদেশের মানুষকে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে দেশকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে। যে শ্লোগান দিয়ে এদেশের মানুষ রক্তের অক্ষরে লিখে গেছে-আমি বিজয় আনতে চাই।

“বাংলাদেশের জয় হবে। আজকে সেই জয় বাংলা আমাদের সকলের, এদেশের মানুষের, বিজয়ী জাতির বাঙালি জাতির, আমাদের মাথা উঁচু করে চলার এ শ্লোগান।“
এ শ্লোগান ধারণ করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কোনো ত্যাগ যে বৃথা যায় না আজকে সেটাই প্রমাণ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জয় বাংলা শ্লোগান এক সময় বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, যেটা অত্যন্ত দু:খজনক। তবে, হ্যাঁ আমরা আওয়ামী লীগ যারা করি, আর বঙ্গবন্ধুর আদর্শ যারা আমরা ধরে রেখেছি, যারা এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং মুক্তিযোদ্ধারা- তারা এটা ধরে রেখেছিল।

“বাধা এসেছে, অনেক সময় অনেক কটুক্তি-সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু তারপরেও আমরা এই সত্যটাকে ধরে রাখতে পেরেছিলাম বলেই আজকে এটা জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে।“

তিনি বলেন, জয় বাংলা শ্লোগান আমাদের মুক্তি সংগ্রামের শ্লোগান। জয় বাংলা শ্লোগান মুক্তিযুদ্ধের শ্লোগান। জয় বাংলা শ্লোগান আত্মত্যাগের শ্লোগান। জয় বাংলা শ্লোগান আমাদের অর্জনের শ্লোগান। যে শ্লোগানের মধ্য দিয়েই আমরা বিজয় অর্জন করেছি।

বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট বিশ্লেষণ করে জয় বাংলা শ্লোগানের গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার ৭ মার্চের যে ভাষণ, সেই ভাষণও তিনি শেষ করেন ‘জয় বাংলা’ বলে। অর্থাৎ বাঙালির যে বিজয় হবে সে সম্পর্কে তিনি সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। মুক্তিযোদ্ধারা শত্রুর মোকাবিলা করতেন এ জয় বাংলা শ্লোগান দিয়ে। এ শ্লোগান প্রতিটি মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করতে।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, জনগণের ক্রয় ক্ষমতা যত বাড়বে, ততই আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত হবে।

বেসরকারি খাত উন্মুক্ত করে দিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংক আমাকে বলেছিল ‘এতগুলো বেসরকারি ব্যাংক দিয়ে কী হবে, বাংলাদেশের অর্থনীতি তো খুব ছোট’; কিন্তু এটা ছোট থাকবে না বরং একদিন যে বড় হবে সে আশাবাদই ব্যক্ত করেছিলাম।

“আন্তর্জাতিক সংস্থা থেকে বেসরকারি ব্যাংকের আর শাখা খোলার সুযোগ না দিয়ে সরকারি ব্যাংকের অনেক শাখা বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি আমাদের সরকারি বাস চলাচল করবে সেখানেও বাধা দেওয়া এবং সেটাও বন্ধ করার প্রচেষ্টা হয়েছিল।“

তিনি বলেন, “৭৫ পরবর্তী সরকারগুলো এতই দুর্বল ছিল যে আন্তর্জাতিক সংস্থা যাই পরামর্শ দিত তাই তারা মেনে চলত। নিজেদের কোনো চিন্তা চেতনা বা পরিকল্পনা ছিল না। কিন্তু আমি সরকারে আসার পর থেকে ওই সব পরামর্শ শুনি নাই।

প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু একটা কথা বলেছি এ দেশ আমাদের। আমরা এ দেশ স্বাধীন করেছি। আমাদের এদেশের মানুষের মঙ্গল কিসে হবে আমরাই তা সব থেকে ভালো করে জানি। যেটা দেশের জন্য মঙ্গলজনক সেটাই আমরা করব।

“আজকে ব্যাংক, বীমা থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন, বেসরকারি রেডিও, সকলের হাতে মোবাইল ফোন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে দেওয়াসহ ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি এবং ব্যবসা-বাণিজ্যের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে সক্ষম হয়েছি।“

ব্যাংক ব্যবস্থাকে তৃণমূলে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে মাত্র ১০ টাকায় একজন কৃষক একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং তাদের ভতুর্কির টাকাটাও ব্যাংকের মাধ্যমেই তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের লক্ষ্য কোনো মানুষ ক্ষুধার্ত বা গৃহহীন আর থাকবে না।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন।