বিমানের ১৭ সিবিএ নেতার 'দুর্নীতি': আবার অনুসন্ধানের নির্দেশ হাই কোর্টের
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট বছর আগের করা অনুসন্ধান অবৈধ ঘোষণা করে নতুন করে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ রায় ও আদেশ দেয়।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “আদালত রায়ে বলেছে- ইতোপূর্বে ১৭ জন সিবিএ নেতার বিরুদ্ধে দুদক যে অনুসন্ধান করেছে তা সঠিক হয়নি। অর্থাৎ দুদকের যে পরিপত্র, যেভাবে অনুসন্ধান করতে হয় সেভাবে অনুসন্ধান করেনি।”
সে কারণে আগামী আট মাসের মধ্যে নতুন করে ওই ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে আসা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে আদালত দুদককে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “নতুন অনুসন্ধানে যদি তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে আদালত।
“আট মাস পর তারা (দুদককে) আদালতে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”
এর আগে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর হাই কোর্ট সাবেক ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে নতুন করে অনিয়ম-দুর্নীতি অভিযোগ অনুসন্ধানে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে। পরবর্তী চার সপ্তাহের মধ্যে দুদকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
২০১৪ সালের জানুয়ারিতে বিমানের তৎকালীন ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে আসা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নোটিস দেয় দুদক।
পরে তারা সম্পদ বিবরণী দাখিল করলে সেগুলো যাচাই-বাছাই করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়নি বলে কমিশন থেকে প্রতিবেদন দেওয়া হয়।
এরপর ওই বছরের ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রিট আবেদন করে এইচআরপিবি।
মনজিল মোরসেদ জানান, বিমানের ওই ১৭ জন সিবিএ নেতার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে। অনুসন্ধান প্রতিবেদনে তাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
“সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। কারণ হল- অনুসন্ধান তারা সঠিকভাবে করেনি। সেই প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি, সাধারণত যেভাবে অনুসন্ধান করা হয়, তাদের বেলায় সেইভাবে করা হয়নি।
“কিন্তু বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক রিপোর্ট এসেছে তারা অনেক দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।”
বিমানের সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) এর সংশ্লিষ্ট ১৭ নেতা হলেন- তৎকালীন সভাপতি মো. মসিকুর রহমান, সহসভাপতি আজহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, ইউনুস খান, সাধারণ সম্পাদক মনতাসার রহমান, সহসাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
সংগঠনের অর্থ সম্পাদক আতিকুর রহমান, অফিস সম্পাদক হারুনর রশিদ, প্রকাশনা সম্পাদক আবদুল বারি, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আবদুস সোবহান, নারীবিষয়ক সম্পাদক আসমা খানম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গোলাম কায়সার আহেমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল জব্বার ও আবদুল আজিজ।
