২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-সুইজারল্যান্ড বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীতে অংশীদারিত্ব বাড়ানোর আশা

বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যে অংশদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও কাসিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 09:03 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

ঢাকায় সুইস দূতাবাস রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট।

১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইউরোপের দেশ সুইজারল্যান্ড। রোববার সেই সম্পর্কের ৫০ বছর পূর্ণ হল।  

অনন্যসাধারণ এই মাইলফলকে দাঁড়িয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট তার চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত বিস্তৃতি ও গভীরে পৌঁছানোর  ওপর জোর দেন।

ইগনাজিও কাসিস বলেন, দুই দেশের অংশীদারিত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।

ভবিষ্যতে সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে করোনাভাইরাস মহামারী থেকে পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নকে চিহ্নিত করেন তিনি।

গত পাঁচ দশকে বাংলাদেশের জনগণ ও সরকারের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে সুইজারল্যান্ড।

উন্নয়নে সহায়তা বাবদ সুইজারল্যান্ড  এ পর্যন্ত বাংলাদেশে ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও ‘উল্লেখযোগ্য পরিমাণ’ অনুদান দেওয়ার কথা বলা হয়েছে সেখানে।