তারুণ্য স্পর্ধা দেখাক, রুখে দাঁড়াক: তৌফিক ইমরোজ খালিদী
স্পর্ধিত তারুণ্যে রুখবে অন্যায়- আজকের শিশুদের সেভাবে বেড়ে ওঠার বার্তা দিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে শিশুদের সামনে নিজের জীবনবোধের ঝাঁপি খোলেন তিনি, তাদের দেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন্ত্র।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, যখন বিদ্রোহ করা দরকার, তখন বিদ্রোহ করতে হবে।
“আমরা একসময় ৮০’র দশকে বলতাম, আমরা বেয়াদব তারুণ্য চাই। যারা স্পর্ধা দেখাতে পারে, রুখে দাঁড়াতে পারে।”
সেই ‘বেয়াদবির’ ব্যাখ্যায় তিনি বলেন, “সমাজ যেটা গ্রহণ করে না, ওই বেয়াদবি নয়। সাধারণভাবে মানুষকে অসম্মান করা, সেই বেয়াদবি নয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে বেয়াদবি, আমরা সেই তারুণ্যটা চাই।”
নানা সঙ্কট এলেও নৈরাশ্যবাদী না হয়ে আশাবাদী থাকার তাগিদ দেন এই সাংবাদিক।
তিনি বলেন, “আমরা ক্ষয়ে যাওয়াটা ঠেকাতে চাই, যতটা সম্ভব যেন কম হয়। আমরা ক্ষয়ে যেতে দেব না। আমরা নৈতিকতা শেখাতে চাই।
“এগুলো করতে গেলে নানা রকমের আঘাত আসে। আমাদের উপর এসেছে। ব্যক্তিগতভাবে আমার উপর এসেছে, অন্যান্যভাবে এসেছে।”
এমন নানা বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াকেই মন্ত্র করার কথা বলেন বাংলাদেশে ইন্টারনেট সংবাদমাধ্যমের পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী।
“তারা চেষ্টা করে আমাদের ঠেকানোর জন্য। আমরা হারতে রাজি নই। আমরা পরাজিত হতে রাজি নই। আশা করি আমরা সফল হব।”
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে চতুর্থ স্থান অর্জনকারী মায়মুনা চৌধুরী ফাইজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর হাত থেকে পুরস্কার নেয়।
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তৌফিক ইমরোজ খালিদী।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘কিডজ’ শিশুদের জন্য বাংলা ভাষার প্রথম ওয়েবপোর্টাল।
বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে অংশগ্রহণকারী সব শিশুদের জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার পরামর্শ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক।
“মানুষ শিক্ষিত হয়, বুদ্ধি নেয়, কিন্তু আলোকিত হয় না যথেষ্ট। আলোকিত হওয়াটা প্রয়োজন। খালি বইয়ের পড়া পড়লে হবে না। সব কিছুই কম-বেশি পড়াশুনা করা দরকার। সেটা করলে জীবনে চলার পথে পেশাগত জীবনে বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত গ্রহণে কাজে দেয়।”
তিনি বলেন, “আমরা চাই যে বাচ্চারা আমাদের সাথে কাজ করছে, তাদের মধ্যে ওই বিবেকবোধটা জাগ্রত উঠুক। এই তারুণ্যটা যেন দীর্ঘায়িত হয়। দীর্ঘদিন যেন তারা এই তারুণ্য ধরে রাখতে পারে।”
শিশু সাংবাদিকদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে প্রতিষ্ঠিত ওয়েব পোর্টাল ‘হ্যালো’র প্রসঙ্গ তুলে শিশুদের প্রতিভা ও সৃজনশীলতার প্রশংসা করেন তৌফিক খালিদী।
তিনি বলেন, “আমরা বাচ্চাদের সাংবাদিকতা শেখানোর চেষ্টা করেছি বা করছি। দলবদ্ধভাবে কাজ করা, দলকে নেতৃত্ব দিতে শেখা, দলের হয়ে কাজ করা, দলকে চালানোর ক্ষমতা অর্জন করা- এ বিষয়গুলো যেন গড়ে ওঠে, সেটার চেষ্টা আছে আমাদের।
“১৮ পার হয়ে গেলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। কেউ কেউ আবার আমাদের সাথে কাজ করছে। অনেকে সাংবাদিকতায় দক্ষতা আরও শাণিত করছে। যারা ভিন্ন পেশায় গেছে, তারাও খুব ভাল করছে।”
“এগুলো করে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা মানসিকভাবে অত্যন্ত লাভবান হই, আমরা আনন্দ পাই। আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, সেজন্য আমরা করার চেষ্টা করি,” বলেন তিনি।
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
অনুষ্ঠানে ‘কিডজ’র নির্বাহী সম্পাদক মাজহার সরকার বলেন, “শিশুদের নিয়েই আমরা আগোতে চাই। শিশুদের জন্য ভাবনার জগৎ তৈরি করতে চাই। আমরা কখনোই বলব না শিশুদের তোমরা এটা ভাবো। বরং ভাবনার কৌশলটা আমরা শেখাতে চাই। শিশুরা কী করে, ভাববে সেটা আমরা তৈরি করে দিতে চাই।”
অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম, মাল্টিমিডিয়া কনটেন্টের ভারপ্রাপ্ত প্রধান ও হ্যালোর ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, হেড অব নিউজ ফটোগ্রাফি মুস্তাফিজ মামুন, হ্যালোর জুনিয়র সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মডারেটর আইরিন সুলতানা।
অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদী প্রতিযোগিতার তিন বিভাগে বিজয়ী সবার হাতে পুরস্কার তুলে দেন।
‘গ’ গ্রুপের প্রথম পুরস্কার বিজয়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মির্জা আদরিতা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সবাইকে ছবি আঁকার আহবান জানান।
“ছবি আঁকলে মনের ভাব প্রকাশ পায় এবং নিজের অবসর সময়টা খুবই ভালভাবে কাটানো যায়। বড় হোক, ছোট হোক, সবাইকে আমি বলব, ছবি আঁকতে।”
‘খ’ গ্রুপের প্রথম পুরস্কারপ্রাপ্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তাওসিফ আলম বলেন, “আমি আমার মা-বাবা ও শিক্ষকের প্রতি ধন্যবাদ জানাই। তাদের অনুপ্রেরণা ছাড়া আমি এটা পারতাম না।”
প্রতিযোগিতার ফলাফল গ্রুপ ক (শিশুশ্রেণি থেকে চতুর্থ শ্রেণি) প্রথম: লাবিবা জামান লিবা, তৃতীয় শ্রেণি, ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর, দ্বিতীয়: মো. সাইফুল ইসলাম, চতুর্থ শ্রেণি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা, তৃতীয়: অনিরুদ্ধ ধর, তৃতীয় শ্রেণি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা, চতুর্থ: অদ্রিজ বর্মন, চতুর্থ শ্রেণি, লন্ডন স্কুল অব ইংলিশ, ঢাকা, পঞ্চম: ফারিহান হোসেন মাহির, নার্সারি, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ। গ্রুপ খ (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) প্রথম: মুহাম্মদ তাওসিফ আলম, ষষ্ঠ শ্রেণি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা, দ্বিতীয়: মোছা. তাওহীদা ইসলাম, অষ্টম শ্রেণি, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, তৃতীয়: তাবিয়া ইবনাত ফিহা, সপ্তম শ্রেণি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, চতুর্থ: মায়মুনা চৌধুরী ফাইজা, পঞ্চম শ্রেণি, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ। গ্রুপ গ (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম: মির্জা আদরিতা, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, দ্বিতীয়: রাফাত হোসাইন, একাদশ শ্রেণি, হাজী আসমত সরকারি কলেজ, কিশোরগঞ্জ, তৃতীয়: ইসমাম তাকরিম, দ্বাদশ শ্রেণি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ৮ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ ফেব্রুয়ারি। ছবি আঁকার বিষয় ছিল ‘ভালোবাসি মায়ের ভাষা’। ই-মেইলের মাধ্যমে আঁকা ছবি পাঠিয়ে এতে শিশুশ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি শাখায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। বুধবার প্রতিযোগিতার ফল ঘোষণা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারকদের রায়ে ‘ক’ গ্রুপে ৫ জন, ‘খ’ গ্রুপে ৪ জন ও ‘গ’ গ্রুপে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে বিচারক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক তন্ময় ইমরান, মাল্টিমিডিয়া কনটেন্টের ভারপ্রাপ্ত প্রধান ও হ্যালোর ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় ও কিডজ এর নির্বাহী সম্পাদক মাজহার সরকার। চূড়ান্ত পর্বে বিচারকমণ্ডলীতে ছিলেন পত্রিকাটির চিফ ডিজাইনার পিন্টু বিল্লাহ, হেড অব নিউজ ফটোগ্রাফি মুস্তাফিজ মামুন ও ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মডারেটর আইরিন সুলতানা। |
কৌতূহলী মন বার্তাকক্ষ পরিভ্রমণে
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে বার্তা কক্ষে আসে শিশুরা। দেশের নেতৃস্থানীয় একটি সংবাদ মাধ্যমের বার্তা কক্ষের ব্যস্ততার মধ্যে নিজেদের নানা প্রশ্নের উত্তর খোঁজে তারা।
ভরা কৌতূহল নিয়ে শিশুরা বিভিন্ন প্রশ্ন করে শিশুরা। জানতে চায়, কীভাবে খবর আসে আর কীভাবে খবর প্রকাশ হয়। কারও প্রশ্ন ছিল, কীভাবে খবর বা ছবি আসে, এগুলো ওয়েবসাইটে প্রকাশই বা হয় কীভাবে? কেউ জানতে চাইছিল খবর-ছবি সংরক্ষণ করা হয় কোথায়? কারও জানার আগ্রহ প্রতিষ্ঠানের লোগো নিয়েও।
ক্ষুদে আঁকিয়েদের বার্তা কক্ষে বিভিন্ন বিভাগে দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তৌফিক ইমরোজ খালিদী। পরে তারা ২৪ ঘণ্টা সচল এই বার্তা কক্ষের বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে ঘুরে দেখে।
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের শনিবার পুরস্কৃত করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষ ঘুরে দেখান প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
বার্তাকক্ষে এই পরিভ্রমণের শুরুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌলিক কর্মকাণ্ড আর পরিচয় জানতে চায় কয়েকজন। ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অনিরুদ্ধ ধর জানতে চায়, প্রতিষ্ঠানের কোনো মনোগ্রাম কি আছে?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লাল রংয়ের ইংরেজি লোগোটি তখন তাকে দেখিয়ে বলা হয়, এটাই প্রতিষ্ঠানের পরিচয় বহনকারী সেই প্রতীক।
রিপোর্টাররা কীভাবে সংবাদ সংগ্রহ করেন, অফিসে বসে লেখেন কিংবা ঘটনাস্থল থেকে পাঠিয়ে দেন, সেই ধারণাও দেওয়া হয় শিশুদের।
এরপর সম্পাদনা বিভাগে সহ-সম্পাদকদের কাজের নানা দিক তুলে ধরা হয় শিশুদের কাছে। আগত শিশুরা বিপুল উৎসাহ নিয়ে সংবাদ সম্পাদনার কাজ দেখে সে সময়।
নিউজ ফটোগ্রাফি বিভাগে গিয়ে ছবি সম্পাদনা, ক্যাপশন লেখা আর তা ওয়েবসাইটে প্রকাশের বিভিন্ন দিক জানতে পারে খুদে আঁকিয়ে শিশুরা।
দেশের খবর-ছবি প্রকাশের এই ধারাবাহিকতা জেনে ঢাকার সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ অষ্টম শ্রেণির তাওহীদা ইসলাম প্রশ্ন করে, “আচ্ছা, বাইরের দেশের খবর কীভাবে পান আপনারা?”
দেশের বাইরের খবর পেতে বিদেশি সংবাদ সংস্থা, সংবাদপত্র আর ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের পর তার প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয় তাদের সামনে। এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের মাধ্যমেও খবর-ছবি আসে বার্তাকক্ষে আসার বিষয়ও জানে শিক্ষার্থীরা।
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা বার্তাকক্ষ ঘুরে দেখার সময় তাদের নানা জিজ্ঞাসার জবাব দেন টেক ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক হাসান বিপুল।
তখন উদয়ন স্কুলের ছাত্র অনিরুদ্ধ জানতে চায়, “আচ্ছা, আমাদের দেশের খবর কি বাইরে যায়? গেলে কীভাবে যায়? যেমন, সাতই মার্চ, ২১ শে ফেব্রুয়ারি।”
শিশুদের জানানো হয়, বড় ঘটনা হলে সেটা বিদেশি মিডিয়া প্রকাশ করে। আবার দেশীয় গণমাধ্যম থেকেও বিদেশিরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যায়।
স্পোর্টস বিভাগের কাজের বিভিন্ন দিক জানানোর পর শিশুদের নিয়ে যাওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোরের সার্ভার কক্ষের সামনে।
এ সময় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী মির্জা আদরিতা জানতে চায়, “আচ্ছা, আপনাদের খবরের ব্যাক-আপ কি থাকে?”
তার প্রশ্নের জবাবে জানানো হয়, কীভাবে কার্যালয়ের সার্ভার আর বিদেশে থাকা সার্ভারের মাধ্যমে খবর আর ছবির ডেটা সংরক্ষণ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কিডজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষ ঘুরে দেখেন। তাদের কৌতূহলী মনের নানা প্রশ্নের উত্তর দেন বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম।
এর বাইরে মাল্টিমিডিয়া কনটেন্ট বিভাগ আর শিশু সাংবাদিকতার ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যক্রম কীভাবে চলে, তার ধারণাও দেওয়া শিক্ষার্থীদের।
শিশুদের বার্তাকক্ষে ঘুরিয়ে তাদের আগ্রহের ক্ষুধা মেটান বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম, হেড অব নিউজ ফটোগ্রাফি মুস্তাফিজ মামুন এবং সহকারী ফিচার সম্পাদক ও প্রযুক্তি বিভাগের প্রধান হাসান বিপুল।
এভাবে কোনো সংবাদমাধ্যমের বার্তাকক্ষে ঘোরা নিজের জন্য নতুন অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মুহাম্মদ তাওসিফ আলম।
তার ভাষায়, “নিউজ আর ছবি কীভাবে আসে আর কীভাবে প্রকাশ হয়, পুরোটা আমরা দেখেছি। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এবার প্রথম পেলাম। অনেক কিছু নতুনভাবে জেনেছি।”
নিজের অভিজ্ঞতা তুলে ধরে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা চৌধুরী ফাইজা বলেছে, “আমরা তো ওয়েবসাইটে কোনো নিউজ বা ছবি দেখি, কিন্তু এটা কীভাবে সেখানে যায়, তা জানা ছিল না। সেটা আমরা আজকে জানলাম।”
