বিনিয়োগকারীদের ‘আপন নীড়’ হতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বের সেরা গন্তব্য হিসেবে বিনিয়োগকারীরা বাংলাদেশকে যাতে ‘আপন নীড়’ ভাবতে পারেন সেজন্য নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা নিশ্চিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাংলাদেশের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
ইউএই চেম্বার্স অব কমার্স এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)উদ্যোগে যৈাথ এই ব্যবসায়িক কাঠামো তৈরি করা হচ্ছে।
দুই দেশের ব্যবসায়ীদের যৌথ আয়োজনে দুবাই এক্সিবিশন সেন্টারে এই অনুষ্ঠানে আবু ধাবি সফরকালীন আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেদেশের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “মহামারীর মধ্যেও অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ধরে রাখা বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।”
বিশ্বের দরবারে “বাংলাদেশ এখন ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে আবির্ভূত হয়েছে,”- বলেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, “আমাদের বিশেষে অর্থনৈতিক অঞ্চল এবং আমাদের হাই-টেক পার্কগুলো নতুন উদ্যোগের জন্য প্রস্তুত
“বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশকে আপন নীড় ভেবে বিশ্বের সেরা গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন তার জন্য আমরা নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী বলেন, “আসুন,বাংলাদেশকে আপনার ব্যবসার গন্তব্য বানান। আমি আপনাদের সকলকে আশস্ত করছি,বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ-সুবিধা সম্পন্ন স্থান।”
বাংলাদেশের ভৌগলিক অবস্থানের সুবিধাকে গুরুত্ব দিয়ে তুলে ধরে তিনি বলে, “আমাদের আছে দুর্দান্ত ভূ-কৌশলগত অবস্থান। সকল প্রধান আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি সংযোগ রয়েছে।
“এছাড়া জনবহুল এবং ক্রমবর্ধমান দক্ষিণ এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার সংযোগস্থলে রয়েছি আমরা।”
বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজার এবং এ অঞ্চলের আশপাশের বাজারগুলো এখনও ‘আনকোরা’ রয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
“এসব সুবিধার কারণে বিনিয়োগকারীদের আকষর্ণীয় গন্তব্য হয়ে ওঠায় ভবিষ্যতে উৎপাদন খাতে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে বাংলাদেশ।”
বাংলাদেশের ‘সবার সঙ্গে বন্ধুতা, কারো প্রতি বিদ্বেষ নয়’ নীতির কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে কারণে বাংলাদেশ সবচেয়ে ভিন্ন একটি অবস্থানে আছে যা মুক্তবাজার এবং উদার অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করবে।
বাংলাদেশে ১৬ কোটি ৮০ লাখেরও বেশি মানুষের অভ্যন্তরীণ বাজার রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের এই মানুষগুলো তরুণ,উদ্যমী এবং উচ্চাকাঙ্ক্ষী।”
সাশ্রয়ী পারিশ্রমিকে বাংলাদেশে শ্রমিক পাওয়া যায় উল্লেখ করে দেশের শ্রমশক্তিকে কঠোর পরিশ্রমী এবং যে কোনো কিছু দ্রুত শিখে নেওয়ার ক্ষেত্রে পারদর্শী বলে জানান শেখ হাসিনা।
সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সুবিধার সঙ্গে বাংলাদেশের সাড়ে ৬ লাখের বেশি পুরোপুরি দক্ষ ফ্রিলান্সার ডেভেলপার্স থাকার কথাও ব্যবসায়ীদের জানান শেখ হাসিনা।
বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,কৃষি খাতে উদ্ভাবন ও সম্প্রসারণ,উৎপাদনশীলতা এবং রেমিট্যান্স প্রবাহের কারণে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন, “আমি এখানে আপনাদের উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি,আসুন আমাদের স্বপ্ন এবং লক্ষ্যপূরণের যাত্রায় সঙ্গী হোন।”
সেন্টার পর ইকোনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) ধারণা মতে ২০৩৬ সালে বাংলাদেশ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতি হবে বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন,বাংলাদেশ তার ৪১৬ বিলিয়ন ডলারের অর্থনীতিকে শীঘ্রই বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত করার এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার পথে রয়েছে।
দুবাই প্রান্তে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি,প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান,সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জেইয়োদি,ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)সভাপতি জসিম উদ্দিন,সংযুক্ত আরব আমিরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আবদুল্লাহ মোহামেদ আল মাজরোই।
পরে দুই দেশের মধ্যে একটি যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা করতে এফবিসিসিআই এবং সংযুক্ত আরব আমিরাত চেম্বার্স অ্যান্ড কমার্স একটি সমঝোতা স্মারক সই করেন।
সমঝোতা স্মারকে সই করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এবং সংযুক্ত আরব আমিরাত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আবদুল্লাহ মোহামেদ আল মাজরোই।
