বুথ থেকে টাকা চুরি: আরও একজন গ্রেপ্তার
বেসরকারি একটি ব্যাংকের দুই শতাধিক এটিএম বুথ থেকে প্রায় তিন কোটি টাকা লোপাটে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে র্যাব আটজনকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনায় এথন গ্রেপ্তারের সংখ্যা নয় জনে দাঁড়াল।
পুলিশের কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে অসীম কুমার সোম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতের মাধ্যমে একদিনের হেফাজতে আনা হয়েছে।
ওসি জানান, ওই ব্যাংকের বুথ ‘মেনটেইনেন্সের’ দায়িত্বে ছিল যে কোম্পানি, সেখানেই চাকরি করতেন অসীম।
এরআগে র্যাব যে আটজনকে গ্রেপ্তার করেছিল, তারাও ওই কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ।
র্যাব কিংবা পুলিশ কেউই ব্যাংকটির নাম কিংবা বুথ ব্যবস্থাপনায় যুক্ত কোম্পানির নাম প্রকাশ করেনি।
র্যাব আটজনকে গ্রেপ্তার করার পর ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সেই মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।
গত রোববার আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছিলেন, ‘সংঘবদ্ধ চক্র’ গড়ে তুলে এটিএম বুথ থেকে টাকা আত্মসাত করে আসছিলেন তারা।
