বিয়ের ঘোষণা দিয়ে ‘প্রতারণায়’ শিক্ষকের বিরুদ্ধে পরোয়ানা
হলফনামার মাধ্যমে বিয়ের ঘোষণা দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মানিকগঞ্জের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আসামি আশরাফ হোসাইন মানিকগঞ্জের সিঙ্গাইর থানার খাসের চরের ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাইর পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. কামরুন্নাহার তাকে গ্রেপ্তারের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদীপক্ষের আইনজীবী মাহবুব আলম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নামে এক নারীকে হলফনামা বা এফিডেভিট করে বিয়ের ঘোষণা দেন আশরাফ।
আইন অনুযায়ী সম্মতির ঘোষণা সম্বলিত এফিডেভিট বিয়ের শর্ত পূরণ করে না। এফিডেভিট করার পর কাজীর কাছে বিয়ের নিবন্ধন করা না হলে তা বৈধ নয়।
অভিযোগে বলা হয়, কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে বলে তাসলিমার পরিবারকে জানান আশরাফ। পরিবারের সদস্যরা বিষয়টি সরলভাবে বিশ্বাস করেন।
পরে তাসলিমা এবং আশরাফ স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন। কিন্তু দীর্ঘদিনেও কাজী অফিসে বিয়ের নিবন্ধন করেন নাই আসামি আশরাফ।
নিবন্ধিত কাবিননামা না থাকার সুযোগ নিয়ে পরে আশরাফ অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন। এই ঘটনায় তাসলিমা বাদী হয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।
