রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে মো. রবিন (২০) নামের ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবস্থা দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে কারেও সঙ্গে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
"রাজশাহী থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেসের ধাক্কায় এই যুবক ছিটকে পড়ে যান। পরে খবর পেয়ে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়।"
প্রথমে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না বলে জানান রেলওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা।
"পরে সিআইডি কর্মকর্তারা এসে তার আঙুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়া যায়।"
রবিনের বাড়ি কুড়িগ্রাম জেলায় জানিয়ে আনোয়ার বলেন, পরে রবিনের ফোন থেকে তার চাচার নম্বর পাওয়া যায়।
"আমরা তার চাচা আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করি। তিনি জানান, রবিন ২/৩ বছর আগে বাসায় রাগারাগি করে বের হয়ে যান। প্রায় দেড় মাস আগে তার বাবার মৃত্যুর খবর পেয়ে কুড়িগ্রামে যান। দাফন শেষে আবার ঢাকায় আসেন।"
আমজাদ হেসেন পুলিশকে জানিয়েছেন, রবিন পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। ঢাকায় কোথায় থাকতেন, কী করতেন কেউ জানতেন না।
