২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পুলিশ নয়, পুলিশ

গত চার বছর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শনের গাড়ি চালিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট পান্না আক্তার। ক্যারিয়ারে এমন সাফল্য পাওয়া এই পুলিশ সদস্যকেও রাস্তাঘাটে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মোকাবেলা করতে হয়; তার ভাষায়, সেটা শুধুই ‘নারী’ হওয়ার কারণে।

নিজস্ব প্রতিবেদক

মেহেরুন নাহার মেঘলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 01:09 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “হয়ত মানুষ সরাসরি বলে না, কিন্তু তাদের কাজেকর্মে কিংবা আচরণে আমরা নেতিবাচক ইংগিত পাই। রাস্তায় গাড়ি থামার জন্য সিগন্যাল দিলে চালক অনেক সময় সেটা মানেন না। তারা ভাবেন, ‘উনি তো নারী, সিগন্যাল ভেঙে চলে গেলে উনি তো আমাকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ধরতে পারবেন না’।”

পুলিশের দায়িত্ব আইনের প্রয়োগ করা, সামাজিক প্রেক্ষাপটে পুলিশ সদস্যরা ‘ক্ষমতাধর’ হিসেবেই বিবেচিত। এ বাহিনীতে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন। কিন্তু পেশাগত পরিচয়ের সাথে ‘নারী’ শব্দটিকে জুড়ে যাওয়ার কারণে ‘বৈষম্যের শিকার’ হতে হচ্ছে বলে মনে করেন পান্না আক্তারের মত অনেকেই।

বিপুল জনসংখ্যার ঢাকা শহরে যানজট নিরসন প্রায় অসম্ভব এক কাজ। সেই কাজে রাস্তায় দাঁড়িয়ে সহকর্মীদের সহযোগিতা পেলেও সাধারণের নানা কটূক্তি আর তীর্যক দৃষ্টি সইতে হয় বলে তারা জানালেন।

মাঠ পর্যায়ে কর্মরত এই নারীরা পুলিশের কঠিন দায়িত্বের ঝক্কি এড়িয়ে কতটুকু সফলতার সাথে কাজ করতে পারছেন, লিঙ্গ পরিচয়ের কারণে কী ধরনের বিড়ম্বনার শিকার তাদের হাতে হচ্ছে, সেসব বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে খোলামেলা কথা বলেছেন কয়েকজন পুলিশ সদস্য।

ঢাকার পুলিশ বাহিনীতে নারীরা কোথায়?

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের তথ্য অনুযায়ী মহানগরের ৩২৯ জন পুলিশ কর্মকর্তার মধ্যে ২৯ জন নারী।

আর মাঠ পর্যায়ে কর্মরত ৩০ হাজার ৩০ জন পুলিশ সদস্যের মধ্যে নারীর সংখ্যা দুই হাজার ২৮ জন।

ঢাকায় কর্মরত এই নারী পুলিশ সদস্যদের মধ্যে আটজন পুলিশ পরিদর্শক, ১১৮ জন উপপরিদর্শক, ৩৫ জন সার্জেন্ট, ১১৫ জন অতিরিক্ত উপপরিদর্শক, ৪৩ জন নায়েক, এক হাজার ৬৬৫ জন কনস্টেবল।

আর ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার ট্রাফিক পুলিশে ৩২ জন সার্জেন্ট, চারজন অতিরিক্ত উপপরিদর্শক এবং ১৬ জন কনস্টেবল।

Image
ওয়ারী জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট তানজিলা খাতুন বলেলেন, এখন পর্যন্ত যৌন হয়রানির কোনো বাজে উদারহরণ তৈরি হয়নি, কারণ এ বিষয়ে কর্তৃপক্ষ ‘শক্ত অবস্থানে; আছেন। ছবি: আসিফ মাহমুদ অভি

ওয়ারী জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট তানজিলা খাতুন বলেলেন, এখন পর্যন্ত যৌন হয়রানির কোনো বাজে উদারহরণ তৈরি হয়নি, কারণ এ বিষয়ে কর্তৃপক্ষ ‘শক্ত অবস্থানে; আছেন। ছবি: আসিফ মাহমুদ অভি

সমস্যা যখন দৃষ্টিভঙ্গি

মানুষের দৃষ্টিভঙ্গিকেই বড় সমস্যা মনে করছেন সার্জেন্ট পান্না। এই সমস্যাটির সঙ্গে দিনরাত লড়তে হয় জানিয়ে তিনি বললেন, পুলিশের ভূমিকায় একজন নারীকে মানুষ কেমনভবে নিচ্ছে সেটা বড় বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়, যেটা হওয়া উচিৎ না। তাদের পুরুষ সহকর্মীদের এ জটিলতায় মুখোমুখি হতে হয় না।

“এর মধ্যেও আমরা ঢাকার রাস্তাঘাটে যারা কাজ করি, তারা যথেষ্ট মানসিক শক্তি সঞ্চয় করেই কাজ করি। তাই যেভাবে সিগন্যাল দিলে একজন গাড়িচালককে সেটা মানতেই হবে, আমরা সেভাবেই সিগন্যালটা দিই।”

ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে পান্না বলেন, “শুরুর দিকে দেখতাম, সিগন্যাল ভঙ্গ করলে যখন আমরা কোনো গাড়ির কাগজপত্র দেখতে চাইতাম, তখন গাড়িচালক কিংবা মালিক বলতেন, আপনি সার্জেন্টকে ডাকুন। তখন তাকে বলে বুঝিয়ে দিতে হত যে আমিই সার্জেন্ট”।

নারী সার্জেন্টদের কাজ এখন মানুষের চোখে ‘অনেকটা সয়ে গেছে' বলে মনে করলেও নারী পুলিশ সদস্যদের অন্য এক চ্যালেঞ্জের কথা বললেন তিনি।

“কর্মক্ষেত্রে একজন পুরুষ অনেকটা আগে থেকেই স্বীকৃতি পেয়ে যায়। সিনিয়ররা তাকে একটা দায়িত্ব দিলে ভরসা করেই দেন। কিন্তু নারীদের ক্ষেত্রে সেই দায়িত্বটা দেওয়ার পর তাকে সেটি ঠিকঠাক পালন করার মাধ্যমেই প্রমাণ দিতে হয়, সে এই কাজটার জন্য যোগ্য।

“সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষের মাঝে কিছুটা পার্থক্য থাকে। সেজন্যই হয়ত নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়ার সময় ভাবা হয়, সে তো নারী, সে কি কাজটা ঠিকভাবে করতে পারবে? সেই কাজটি করে দেখানোর পরই তার যোগ্যতা প্রমাণিত হয়। আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ।”

ক্যারিয়ারের শুরুর দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেই আস্থা অর্জনের চ্যালেঞ্জ নিতে গিয়ে সহকর্মীদের সহযোগিতা পাওয়ার কথাও বললেন পান্না।

“আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বলতেন, তুমি অমুক জায়গায় ডিউটি করতে পারবে? আমি তখন চুপচাপ থাকতাম। সময়ের সাথে সাথে আমি কাজ করে আমার জায়গাটা অর্জন করে প্রমাণ দিয়ে দিয়েছি আমি পারব কিনা। তবে আমার সাথে যারা কাজ করেন, তাদের বেশিরভাগই সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন। তা না হলে আমরা নিজেরাও আমাদের কর্মক্ষেত্রে সফল হতে পারতাম না।”

ভালো-মন্দ নানা অভিজ্ঞতাই হয়েছে ট্রাফিক সার্জেন্ট মুর্শেদার, তিনি গুলশান ট্রাফিক জোনের বাড্ডা নতুন বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন।

পান্নার মত তিনিও দায়িত্ব পালনের সময় গাড়িচালকদের 'নেতিবাচক দৃষ্টি'র শিকার হয়েছেন। আইন ভাঙার পর মামলা দিলে 'মেয়েমানুষ আইনের কতোটুকু বোঝে'- চালকের এমন কটূক্তিতে 'চুপ' থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন, পেশার সঙ্গে 'মানিয়ে' নেওয়ার মানসিকতাও ধরে রেখেছেন।

Image
গুলশান ট্রাফিক জোনের বাড্ডা নতুন বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন সার্জেন্ট মুর্শেদা। ছবি: আসিফ মাহমুদ অভি

গুলশান ট্রাফিক জোনের বাড্ডা নতুন বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন সার্জেন্ট মুর্শেদা। ছবি: আসিফ মাহমুদ অভি

উল্টোচিত্র যে একেবারেই নেই, তা নয়। অনেক সময় সাধারণ মানুষের প্রশংসাও শোনা যায় জানিয়ে মুর্শেদা বলেন, “সারাদিন কষ্টের পর এই প্রশংসাটুকু শুনতে বেশ লাগে।”

এই কঠিন বাস্তবতায় মানিয়ে নিতে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়ার কথাও জানালেন মুর্শেদা। বলছেন, বাড্ডা এলাকায় কাজ করা তাদের তিন নারী সার্জেন্টের সুযোগ-সুবিধার দিকে ‘সিনিয়ররা’ সবসময় খেয়াল রেখেছেন।

রাস্তায় কারও কাজ করতে অসুবিধা হলে অফিসে ডিউটি করারও সুযোগ রয়েছে বলে জানালেন সার্জেন্ট রেখা মল্লিক।

তিনি বলেন, “গুলশান ডিভিশনের ডিসি স্যার বলে দিয়েছেন, রোডে তোমরা থাকো, আর যদি ভালো না লাগে, কোনো অসুবিধা হয় তাহলে মোস্ট ওয়েলকাম। অবশ্যই অফিসে চলে আসবা।”

পান্নার মত রেখাও মানুষের দৃষ্টিভঙ্গকে একটি বড় বাধা হিসেবে পেয়েছেন তার ক্যারিয়ারের শুরুতে। 

তিনি বলেন, “পাবলিকের ব্যাপারটা হচ্ছে, একেকজনের চোখ একেক রকম। সবাই এক না...। কোনো বাসকে সিগন্যাল দিলাম, বাসের কন্ডাকটর মুখ ধরে হাসছে। সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না। রাগ হলেও বলতে পারি না। সেটা আমাদের ইউনিফর্মের প্রতি শ্রদ্ধা থাকে বলেই।”

আবার রাস্তাঘাটে কিছু পুরুষের 'নেতিবাচক দৃষ্টি' থেকে বাঁচতে অনেকে নিজেদের ইউনিফর্মের উপর আলাদা কোটি ব্যবহার করে আসছেন বলে জানান রেখা মল্লিক।

“তখন বেল্ট পরতে হত, একটু ফিটিং জামা। দেখতাম যে ড্রাইভাররা হাসছে, অনেকেই  বাজেভাবে তাকিয়ে আছে। তাই ব্যক্তিগত উদ্যোগেই আমরা এই কোটিটা বানিয়ে নিয়েছি।

“এটা নিয়ে আমাদের সিনিয়র অফিসাররা প্রথম দিকে আপত্তি করেছেন, যেহেতু এটা সরকারি না। পরে আমাদের নারী সিনিয়রকে বুঝিয়ে বলার পর তারাও বিবেচনা করেছেন।”

নিজের বিভাগের প্রশংসা করে রেখা মল্লিক বলেন, “ট্রাফিক ডিভিশনের একটা ব্যাপার ভালো যে, টি আই, সার্জেন্ট তারা কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করেন নাই।”

ওয়ারী জোনে কর্মরত ট্রাফিক সার্জেন্ট তানজিলা খাতুন বলেলেন, এখন পর্যন্ত যৌন হয়রানির কোনো বাজে উদারহরণ তৈরি হয়নি, কারণ এ বিষয়ে কর্তৃপক্ষ শক্ত অবস্থানে আছে।

“একজন পুরুষ অফিসারকে যেমন স্যার বলে সম্বোধন করা হয়, একজন নারী অফিসারকেও তার অধঃস্তনরা স্যার বলেই সম্বোধন করেন। আমার পরিচয় আমি সার্জেন্ট তানজিলা, নারী সার্জেন্ট তানজিলা নয়।

“কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কাজ করতে গিয়ে আমরা কখনও কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি। আমাদের প্রতিমাসে একটা সম্মেলন হয়, যেখানে নারীদের সুবিধা অসুবিধা, সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হয়।''

'মামলা দেওয়ার পর পুরুষ ও নারী সার্জেন্টের সঙ্গে চালকদের আচরণগত পার্থক্যের নিজস্ব ব্যাখ্যা দিলেন তানজিলা।

“তারা ভাবে, আমরা না বুঝে শুধুমাত্র একটা ইউনিফর্মের জোরে ক্ষমতার অপপ্রয়োগ করছি। নারী হিসেবে তারা দুইটা কথা বেশি শুনিয়ে দিয়ে গেলেও আমরা সেটাকে তেমন আমলে নিই না। যতক্ষণ আমি আমার ইউনিফর্মে থাকি, ততক্ষণ পেশাদারিত্বের সাথেই বিষয়গুলোকে সামলে নিই।”

Image
গত চার বছর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শনের গাড়ি চালিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট পান্না আক্তার।

গত চার বছর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শনের গাড়ি চালিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট পান্না আক্তার।

'নারী' বিবেচনায় কাজের জায়গায় 'একফোঁটাও ছাড় নেই' মন্তব্য করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক সোনিয়া পারভিন বললেন, কোনো বিশেষ সুবিধারও ‘প্রশ্নই ওঠে না’, বরং নিজেদের প্রমাণ করাই মুখ্য।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোনিয়া বলেন, “মাঠে যখন আমরা ট্রেনিংয়ে থাকি, ৩৬৫ দিনই আমাদের ট্রেনিং করতে হয়। মেয়ে বলে একফোঁটাও ছাড় দেওয়া হয় না। তবুও অনেকসময় আমাদেরকে শুনতে হয়, আমরা মেয়ে মানুষ, আমরা পিছিয়ে।

“একজন পুরুষ একজন নারীর চেয়ে বেশি সক্ষম তা কিন্তু না। প্রাকৃতিকভাবে বিবেচনায় হয়ত আমরা একটু কম কাজ করতে পারি। তার মানে এই না যে আমরা শারীরিকভাবে কিংবা মানসিকভাবে উইক। আমাদের সব দিকে খেয়াল করতে হয়।

“একজন পুরুষ তার স্ত্রীর উপর সবকিছু ছেড়ে দিয়ে আসতে পারে, কিন্তু আমরা চাইলেই আসলে সেটা পারি না। আমাদের যখন বাসা থেকে বের হতে হয়, তখন বাসায় সবকিছু, সব কাজ শেষ করেই কর্মক্ষেত্রে আসতে হয়। এসেও বাসা নিয়ে দুশ্চিন্তা করতে হয়। অনেক সময় কাজে মনোযোগ দেওয়া যায় না। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।”

অন্যদের মত এসআই সোনিয়াও সহকর্মীদের সহযোগিতার প্রশংসা করেছেন।

“আমাদের সেক্টরে আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। রাতের ২টার দিকেও বাসা থেকে বের হতে হয়। সারারাত জেগে কাজ করা লাগে। সহকর্মীরা যথেষ্ট পেশাদার আচরণ করেন। আলাদা করে মেয়ে হিসেবে মূল্যায়ন করেন না। এই ১০০ থেকে ২০০ পুরুষের মধ্যে একা একটা মেয়ে কাজ করা অনেক কষ্ট। আমার সহকর্মীরা কখনও আমাকে সেই কষ্ট অনুভব করতে দেননি।”

তবে সাধারণ মানুষের আচরণ নিয়ে খানিকটা হতাশা আছে পুলিশের এই সদস্যেরও।

“আমাদেরকে অনেকসময়ই গুরুত্ব দেওয়া হয় না। দেখা যায় কোনো একটা ঘটনাস্থলে গেছি, সেখানে পুলিশের একজন পুরুষ সদস্যকে বলছেন 'স্যার'। অথচ আমি একই পদমর্যাদার হলেও আমাকে ডাকা হয় ‘আপা’ বলে। এমনকি আমার নিচের পদমর্যাদার পুরুষটিকেও স্যার ডাকা হয়।”

সমস্যা আছে আরও

রাস্তায় ট্রাফিক পুলিশ হিসেবে কর্মরতদের জন্য পর্যাপ্ত 'স্যানিটেশন ব্যবস্থা' না থাকা একটি বিরাট সমস্যা। এক্ষেত্রে আশপাশের মার্কেট ও হাসপাতালই নারী সার্জেন্টদের জন্য ভরসার জায়গা।

ট্রাফিক সার্জেন্ট পান্না আক্তার বলেন, “টয়লেট ব্যবহারের ক্ষেত্রে প্রথম থেকেই নানান সমস্যার শিকার হয়ে আসছি। আমাদের ট্রাফিক বক্সগুলো এত ছোট, জায়গার খুবই অভাব। যেখানে বসার মত কোনোরকম একটা জায়গা তৈরি করে দেওয়া আছে, কিন্তু কোনো স্যানিটেশন ব্যবস্থা নেই। দায়িত্ব পালনকালে আশপাশের কোনো প্রতিষ্ঠান যেমন মার্কেট, হাসপাতালে গিয়ে আমাদের টয়লেট ব্যবহার করতে হয়।”

এটা যে এক পর্যায়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়, সে কথা তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় দেখা গেছে আট ঘণ্টা রাস্তায় ডিউটি করতে গিয়ে ভয়ে সারা দিন এক লিটার পানিও খাওয়া হত না। কারণ টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে অন্য কোথাও যাওয়ার বিষয়টা খুবই বিব্রতকর।”

অবশ্য এখন বেশ কয়েকটি পয়েন্টে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও নারী সদস্যদের সেখানেই ডিউটি দিতে চান, যেখানে পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা রয়েছে।

বাড্ডা নতুনবাজার এলাকায় ট্রাফিক পুলিশদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে জানিয়ে সার্জেন্ট মুর্শেদা বলেন, “নতুনবাজারে দুইটা টয়লেট আছে। আমি যেই পয়েন্টে কাজ করি, সেখান থেকে এক দেড় মিনিট দূরত্বেই টয়লেট আছে। আরেকটা টয়লেট আছে যেখানে আমরা মেয়েরা গিয়ে ফ্রেশ হতে পারি। স্যানিটেশন সমস্যায় যাতে পড়তে না হয়, সেইজন্যই আমাদের ডিউটিগুলোও এমন জায়গাতেই দেওয়া হয়।”

তবে ওই টয়লেটগুলো ‘খুব একটা নারীবান্ধব না’ বলে জানালেন বাড্ডা ট্রাফিক জোনের ট্রাফিক কনস্টেবল রেখা মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওয়াশরুমগুলোর অবস্থা খুব একটা ভালো না। নারী সার্জেন্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাটা আরেকটু উন্নত হলে আমরা অনেক উপকৃত হই।''

শুধু নারী নয়, পুরুষ সার্জেন্টদের জন্যেও স্যানিটেশন একটি বড় সমস্যা।

সে বিষয়টি তুলে ধরে ওয়ারী জোনের ট্রাফিক সার্জেন্ট তানজিলা খাতুন বলেন, “এটার কারণে আমাদের পুরুষ সহকর্মীরাও ভোগান্তিতে পড়েন। তবে এই সমস্যাটার সমাধানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটা ট্রাফিক পয়েন্টে না হোক, আশেপাশের বেশ কিছু পয়েন্টে স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে।”

Image
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানালেন, ‘নারী’ হিসেবে তাকেও বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় অনেক সময়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানালেন, ‘নারী’ হিসেবে তাকেও বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় অনেক সময়।

করে নিতে হবে পথ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ঊর্ধ্বতন পদে থাকা নারী কর্মকর্তাদের জন্যও কাজের ক্ষেত্রটি ‘যথেষ্ট চ্যালেঞ্জিং’ বলে মনে করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

সহকর্মীদের কাছ থেকে ‘নারী’ হিসেবে আলাদাভাবে বৈষম্যমূলক আচরণ না পেলেও সাধারণ মানুষের নানা ‘কটূক্তির’ শিকার হওয়ার কথা জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুক্তা বলেন, “বিভিন্ন অভিযানে যাওয়ার ক্ষেত্রে আমাকে কখনও পুলিশ বাহিনীর একজন ‘নারী’ সদস্য হিসেবে বিবেচনা করা হয় না। সিআইডির একজন কর্মকর্তা পরিচয়েই যে কোনো সময় যে কোনো জায়গায় আমাকে যেতে হয়।

“অন্যদিকে আমার অভিযানের খবরগুলো যখন বিভিন্ন মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হয়, সেখানে পাবলিক কমেন্টগুলো আমি লক্ষ্য করে দেখি। অনেকেই সেখানে মন্তব্য করেন, একজন নারী হয়ে অভিযান চালাচ্ছে? উনি কতটুকু পারবেন?”

তবে নিজের অবস্থানকে শক্ত করতে হলে এসব কটূক্তিতে কান না দিয়ে নিজের জায়গা থেকে কাজ করে যাওয়াটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।

'পথটা নিজেদেরই তৈরি করে নিতে হয়' মন্তব্য করে এই কর্মকর্তা বলেন, “১৯৭৪ সাল থেকে বাংলাদেশ পুলিশে নারীরা কাজ করছে। কখনোই পথটা অবশ্যই সুগম ছিল না।”

নারী হিসেবে চ্যালেঞ্জটাকে মানসিকভাবে গ্রহণ করার পরমর্শ দিয়ে তিনি বলেন, “দক্ষতার সঙ্গে মানুষের সেবার জন্য কাজ করে যেতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই নিজের নিরাপত্তা এবং সম্মান ও মর্যাদার বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে।”