২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশাল মিডিয়ায় উগ্রবাদবিরোধী প্রচারের আহ্বান পুলিশের

সোশ্যাল মিডিয়ায় যাদের প্রভাব রয়েছে, তাদের উগ্রবাদবিরোধী প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 11:34 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

রোববার ঢাকার মিন্টো রোডে সিটিটিসি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

সিটিটিসি এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। তাতে দেশের জনপ্রিয় কয়েকজন ‘কন্টেন্ট মেকার’ অংশ নেন।

মূলত ফেইসবুক ও ইউটিউবে ভিডিওসহ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পাওয়া কয়েকজন তরুণকে ওই কর্মশালায় ডাকা হয়। তিন ঘণ্টার এই কর্মশালায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি কন্টেন্ট মেকাররাও নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, “তরুণদের মাঝে সহিংস উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ভূমিকা রাখতে পারেন। নিজেদের তৈরি সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে তাদের এই সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।”

সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ বলেন, তরুণ প্রজন্মের উগ্রবাদে জড়িয়ে পড়া প্রতিরোধে অভিভাবকরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তাদের উচিত নিয়মিত সন্তানের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া ও সন্তানকে নিঃসংকোচে যেকোনো ব্যাপারে কথা বলতে উৎসাহী করা।

কর্মশালায় উপকমিশনার মাহফুজুল ইসলাম উগ্রবাদ প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে এ ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

সভায় অ্যানালাইজেন বাংলাদেশের চেয়ারম্যান রিসালাত সিদ্দীক বলেন, দেশ ও তরুণ প্রজন্মের প্রতি ‘দায়িত্ববোধের জায়গা থেকে’ তারা এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে চলেছেন।

তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিজেদের কন্টেন্টের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি এবং উগ্রবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জন্য কাজ করার ব্যাপারে পরামর্শ দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ, সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপকমিশনার হাবিবুন নবী আনিসুর রশিদ, ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মাহফুজুল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া, স্পেশাল এ্যাকশন গ্রুপের উপকমিশনার আব্দুল মান্নান, ইন্টিলিজেন্স এ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মিশুক চাকমা ও অতিরিক্ত উপকমিশনার খন্দকার লেনিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান রিসালাত সিদ্দীক, ব্রান্ড ডিরেক্টর সাওলাত আল জামান, ক্রিয়েটিভ সুপারভাইজার নাজিম-উদ-দৌলা, সিনিয়র ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার শাফায়েত রেজা এবং হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন শাহ্ নেওয়াজ হোসেন অনীক। ওই আলোচনাসভায় সাকিব বিন রশিদ, রাফায়েত রাকিব, কারিনা কায়সারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকজন জনপ্রিয় ‘কন্টেন্ট মেকার’ উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব খন্দকার লেনিন। তিনি তরুণদের উগ্রবাদে জড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ও কারণ সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেন।