বিএনপি বিভাজনের রাজনীতি করে না: ফখরুল
বিএনপি ‘বিভাজনের রাজনীতি করে না’ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জন্য এখন ঐক্যই সবচেয়ে বেশি দরকার।
বৃহস্পতিবার ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “আমরা সব সময়ে ঐক্যের রাজনীতি করি। বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে এখানে অবশ্যই একটা ইস্পাত কঠিন ঐক্য দরকার আছে সকল বাংলাদেশির মাঝে।”
একুশে পদকপ্রাপ্ত শুদ্ধানন্দ মহাথেরো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৩ মার্চ মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দুই বছর পর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠান ও ধর্মীয় আচারের মধ্যে দিয়ে তার শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বেলা ১২টায় ধর্মরাজিক বৌদ্ধ বিহারে গিয়ে মূল ভবনের দোতলায় গ্লাসের ভেতরে রাখা ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। তার সম্মানে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সুশীল বড়ুয়া, মহানগর বিএনপির হাবিবুর রশীদ হাবিব এবং ইউনুস মৃধাও ছিলেন বিএনপির প্রতিনিধি দলে।
“মহান শুদ্ধানন্দ মহাথেরোর মহাপ্রয়াণে, তিনি যেন পরলোকে শান্তিতে থাকেন এই প্রার্থনা আমরা করি।”
বিএনপির মহসচিব বলেন, “আমরা যেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটি পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বমূলক-সৌহার্দমূলক রাষ্ট্রে যেন বাস করতে পারি আনন্দের সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে- এই হোক আজকে আমাদের প্রার্থনা।
“আমরা বিএনপি মনে করি যে, বাংলাদেশ আমার দেশ; আমরা মনে করি যে, এখানে যারা বাস করেন সব মানুষই বাংলাদেশি। এখানে ধর্ম আলাদা, একেক জনের একেকটা ধর্ম হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে। কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই বাংলাদেশি।”
এই ‘বাংলাদেশি দর্শনের’ মধ্য দিয়ে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
“বৌদ্ধ ধর্মের একটা প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সকল জায়গায় একটা বড় রকমের প্রভাব সৃষ্টি করেছিল- এটা হচ্ছে শান্তির ধর্ম, এটা হচ্ছে কল্যাণের ধর্ম, মানুষের কল্যাণের জন্য এই ধর্ম প্রচার করা হয়।”
শুদ্ধানন্দ মহাথেরো ১৯৩৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায় জন্মগ্রহন করেন। সমাজ সেবায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।
