ডোপ টেস্ট: আলাদা কর্তৃপক্ষ চায় সংসদীয় কমিটি
সব পর্যায়ে ডোপ টেস্ট কার্যক্রম গতিশীল ও স্থায়ী রূপ দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আদলে আলাদা কর্তৃপক্ষ চায় সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীসহ বেশ কিছু সেক্টরে ডোপ টেস্ট করা হচ্ছে। আমরা চাই ব্যাপক পরিসরে সকল সেক্টরে এটা চালু করা হোক।
“বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডোপ টেস্টের কাজটি করছে। কিন্তু আমরা চাই- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মত ডোপ টেস্টের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হোক।”
সংসদীয় কমিটির সুপারিশের পরপরই পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে ডোপ টেস্টের কার্যক্রম হাতে নেয় সরকার।
সেই উদ্যোগকে স্বাগত জানানো হলেও এটি পুরোপুরি গতি পায়নি বৈঠকে হতাশা প্রকাশ করা হয়। পরীক্ষার কিট সংকটের বিষয়টিও আলোচনায় আসে। তখন কিট সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির পক্ষ থেকে আনসার-ভিডিপি সদস্যদের জন্য মাঠ পর্যায়ে যুযোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে আরও দক্ষ করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, কেবল নির্বাচন আর দুর্যোগের জন্য এই বাহিনীকে ব্যবহার না করে তাদের সার্বক্ষণিক কাজে লাগানো দরকার।
এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “আমরা আনসার-ভিডিপির সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ দিতে বলেছি। যেন তারা স্থানীয় পর্যায়ে পুলিশ প্রশাসনকে পুরোপুরি সহযোগিতা করতে পারে। মাদক-জঙ্গি দমনের পাশাপাশি জামাত-শিবিরের তালিমের নামে গোপন বৈঠকের তথ্যগুলো সংগ্রহ করতে পারে।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জেলা পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন।
