২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১১৪ জন

দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেপ্তার ১১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 12:20 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৮টায় উড়োজাহাজটি ঢাকায় নামার পর লিবিয়া ফেরত ১১৪ জনকে বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে রাখা হয়।

“২০২১ সালের বিভিন্ন সময়ে ভিজিট ভিসায় দুবাই, ওমান ও মালয়েশিয়ায় গিয়েছিলেন তারা। ইতালি নেওয়ার কথা বলে সেখান থেকে দালালরা তাদের লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে তাদের গেইম ক্যাম্পে রাখে। পরে লিবিয়ার পুলিশ এবং সেনাবহিনী বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করে।”

সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে অবৈধভাবে এক দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশে পৌঁছানোকে অভিবাসন প্রত্যাশী এবং মানব পাচারকারীরা। গত কয়েক বছরে ইউরোপমুখী মানব পাচারের একটি প্রধান পথ হয়ে উঠেছে লিবিয়া। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টায় প্রতি বছর বহু মানুষের প্রাণ যাচ্ছে।

বিভিন্ন দেশ থেকে আনা অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় তুলে দেওয়ার আগে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে রাখছে পাচারকারীরা। সেসব ক্যাম্পকে তারা বলে গেইম ঘর।

জিয়াউল হক বলেন, দেশে ফেরা ১১৪ জনের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন, তাদের কেউ কেউ ছয় নয় মাস ধরেও লিবিয়ার কারাগারে আটক ছিলেন।

“দালালরা তাদের কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছে ইউরোপে পৌঁছে দেওয়ার আশা দেখিয়ে। এখন জাতিসংঘের মাধ্যমে আউট পাস নিয়ে তারা বাংলাদেশে ফিরলেন।”