শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক কারাগারে
রাজধানীর কাফরুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার মামলার আসামি অগ্রণী ব্যাংক কর্মকতা শওকত আলমকে (৬০) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মামুনুর রশীদ এ আদেশ দেন
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই হোসনে আরা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মকবুলুর রহমান বলেন, “আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। অভিযুক্ত ব্যক্তি অগ্রণী ব্যাংকের মিরপুর শাখার একজন কর্মকর্তা। তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে থাকেন।”
মামলার বিবরণ থেকে জানা যায়, শনিবার রাতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে গৃহশিক্ষক শওকত বাসার ড্রয়িংরুমে পড়াতে বসেন। শিশুটির মা তখন অন্য রুমে ছিলেন।
কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে। সে সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। কারণ জানতে চাইলে শিশুটি তখন ওই শিক্ষকের যৌন নির্যাতনের কথা জানায়।
পরে রাত দেড়টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসা শেষে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
