শুদ্ধানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু বুধবার
ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রয়াত অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্ম গুরু শুদ্ধানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে বুধবার।
তিন দিনব্যাপী এ অন্ত্যেষ্টিক্রিয়া চলবে ৪ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে রাজধানীর বাসাবো ও সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন শুদ্ধানন্দ মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির মহাসচিব বিকিরণ প্রসাদ বড়ুয়া।
সমাজসেবায় একুশে পদক পাওয়া শুদ্ধানন্দ মহাথেরো ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি।
২০২০ সালের ৩ মার্চ সকাল সাড়ে ৭টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
করোনাভাইরাস মহামারীর কারণে ওই বছর তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হয়নি। এবার যথাযথ ধর্মীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
তিন দিনের এ কর্মসূচিতে শুদ্ধানন্দ মহাথেরোর জীবন ও কর্মের ওপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহা সংঘদান, ধর্মালোচনা, স্মৃতিচারণ, বৌদ্ধযুব ও মহিলা সমাবেশ, বৌদ্ধ মহাসম্মেলন হবে। শেষ দিন হবে অন্ত্যেষ্টিক্রিয়ার বিশেষ পর্ব।
সংবাদ সম্মেলনে বলা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে দেশ ও বিদেশের মন্ত্রী, মেয়র, সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, ধর্মগুরু, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবিসহ সব ধর্মের মানুষ উপস্থিত থাকবেন।
জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, কার্যকরী সভাপতি পি আর বড়ুয়া, প্রধান সমন্বয়কারী উত্তমকুমার বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
