প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসামঞ্জস্য তথ্যে ‘অসন্তোষ’ সংসদীয় কমিটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে ‘অসামঞ্জস্য’ তথ্য উপস্থাপন করায় ‘অসন্তোষ’ প্রকাশ করে সংসদীয় কমিটি পরের বৈঠকে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার তাগিদ দিয়েছে।
একইসঙ্গে পরের বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের কাজে অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয় এবং পরবর্তী সভায় সুনির্দিষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
“এছাড়া আগামী সভায় আইজিপির উপস্থিতি প্রত্যাশা করা হয়।”
বৈঠকে জুলাই ২০১৬ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে দেখা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্পের কাজের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।
এরমধ্যে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতির উপস্থাপন করা তথ্যে বলা হয়, এ প্রকল্প শুরু হয়েছে ২০১৮ সালের জুলাই মাসে। চলতি বছর ডিসেম্বরে এটি শেষ হওয়ার কথা। এসময় পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি পাঁচ শতাংশ, আর্থিক অগ্রগতি তিন দশমিক ৫৩ শতাংশ।
কুমিল্লা কারাগার পুনর্নির্মাণ শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। প্রকল্পের আর্থিক ও ভৌত অগ্রগতি ছয় দশমিক ৪৫ শতাংশ।
১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণের আরেক প্রকল্প শুরু হয় ২০১৮ সালের জুলাইতে। শেষ হওয়ার কথা এ বছরের জুনে। প্রকল্পের আর্থিক অগ্রগতি ৩৪ দশমিক ১৬ শতাংশ, ভৌত অগ্রগতি ৫৮ শতাংশ।
এছাড়া র্যাবের সদর দপ্তর স্থাপন প্রকল্প শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে। শেষ হওয়ার কথা এ বছরের জুনে। আর্থিক অগ্রগতি ২৬ শতাংশ, ভৌত অগ্রগতি ৩৫ শতাংশ।
ডিএমপি এলাকায় পুলিশের নয়টি আবাসিক ভবন নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৮ সালের নভেম্বরে, শেষ হওয়ার কথা এ বছরের জুনে। এই প্রকল্পের আর্থিক অগ্রগতি ২৭ শতাংশ, ভৌত অগ্রগতি ৩০ শতাংশ।
পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয় ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে। শেষ হওয়ার কথা আগামী জুনে। প্রকল্পের আর্থিক অগ্রগতি ১২ শতাংশ, ভৌত অগ্রগতি ২৫ শতাংশ।
র্যাবের অভিযানিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্প শুরু হয় ২০১৮ সালের ডিসেম্বর মাসে। শেষ হবে এ বছরের জুনে। এই প্রকল্পের আর্থিক অগ্রগতি ১৭ শতাংশ, ভৌত অগ্রগতি ২৫ শতাংশ।
তবে বৈঠকে চারটি বিভাগীয় শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, বেশ কয়েকটি ফায়ার স্টেশন ও কারগার নির্মাণ বিষয়ক প্রকল্পের বিষয়ে যেসব তথ্য উপস্থাপনা করা হয়েছে সেগুলো থেকে ওই প্রকল্পের প্রকৃত চিত্র জানা যায় না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তের এক কর্মকর্তা জানান, তথ্য-উপাত্ত সঠিক না থাকায় এবং কিছু প্রকল্পের বিষয়ে তথ্য না দেওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।
এ বিষয়ে কথা বলার জন্য কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবের হোসেন চৌধুরী, মনজুর হোসেন ও আদিবা আনজুম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বৈঠকে অংশ নেন।
