২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারণার বশবর্তী হয়ে সবসময় পুলিশের সমালোচনা করবেন না: ডিএমপি কমিশনার

ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম মনে করেন, কেবল পুলিশ চেষ্টা করলে সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠতে পারবে না, দূরত্ব ঘোচাতে নাগরিকদের মনোভাবও বদলাতে হবে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 12:33 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

তার ভাষায়, “আমি আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, আর আপনি আমার সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা ছাড়াই বললেন ‘ঘুষখোর’। বন্ধুত্ব কী প্রত্যাশা করতে পারেন? কখনোই পারেন না।”

ঢাকা মহানগর পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার এক সভায় এভাবেই পুলিশ বাহিনীর অবস্থান তুলে ধরেন ডিএমপি কমিশনার।

পুলিশ বাহিনীকে ভেতর থেকে পরিবর্তন করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, “যে দুর্ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, ন্যূনতম কোনো ছাড় দিচ্ছি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অনুরোধ থাকবে, ধারণার বশবর্তী হয়ে সবসময় আমাদের সমালোচনা করবেন না।

“থানায় আসেন, দেখেন আমাদের পরিবর্তনটা। যদি মনে করেন কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, তাহলে আমাদের দরজা খোলা আছে। আমাদের সঙ্গে এসে কথা বলুন। পরামর্শ দিন। একটি স্বাধীন দেশের স্বাধীন রাজধানীর উপযোগী পুলিশ বাহিনী গড়ার জন্য আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি নেই।”

শফিকুল ইসলাম বলেন, “আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা করার জন্য। আমাদের ভেতরে মানুষকে প্রজা হিসেবে দেখার যে ঔপনিবেশিক মানসিকতা ছিল, সেখান থেকে বেরিয়ে সার্ভিস ওরিয়েন্টেড একটি বাহিনী গঠনে আমরা কাজ করে যাচ্ছি।

“কোথাও কোনো অপরাধ, অবিচার হতে দেখলে আমাদের জানান। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো অন্যায়-অবিচারের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই।”

বিগত বছরগুলোতে নানা ঘটনায় পুলিশের ভূমিকা বিতর্কিত ও সমালোচিত হয়েছে। আবার মহামারীকালে নিজেদের অনেক কাজের জন্য মানুষের প্রশংসাও পেয়েছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী।

বাহিনী থেকে ‘মন্দদের’ দূর করতে শুদ্ধি অভিযান চালানোর কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, “এই পুলিশ বাহিনীতে মন্দ লোক যারা আছেন, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে আইজিপি স্যারের নেতৃত্বে। ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভালো মানুষকে নিয়োগ দেওয়ার জন্য আইজিপি স্যার যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন…। কোনো রকম চাপের কাছে উনি নতি স্বীকার করছেন না।

“একেবারেই মেধা অনুযাযী যাদের চাকরি পাওয়ার দরকার একটি পয়সা খরচ করা ছাড়া তারা চাকরি পাচ্ছে। স্যার সারা বাংলাদেশের পুলিশ সদস্যদের পদোন্নতির দারুণ ব্যবস্থা চালু করেছেন। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হচ্ছে, কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা হচ্ছে… যোগ্য যারা তারা অবশ্যই প্রমোশন পাবেন। কারও হস্তক্ষেপ, তদ্বির করার, টাকা পয়সা খরচ করার কোনো সুযোগ নেই।”

ডিএমপি কমিশনার বলেন, “পদায়নকে আমরা একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। একটি পদায়নে পয়সার বিনিময় হয়েছে- এটা দেখাতে পারবেন না, এটা একেবারে প্রকাশ্য চ্যালেঞ্জ থাকল।”

‘প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীও’

শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “ডিএমপিতে এখন ৩৪ হাজার সদস্য, ভবিষ্যতে হয়ত এর কলেবর আরও বাড়তে পারে। যে সময় ছেলে তার মায়ের দেহটাও সমাধিস্থ করতে যায়নি, সে সময় পুলিশ কিন্তু সেই কাজগুলো করেছে। মহামারীকালে ফ্রন্টলাইনার হিসেবে পুলিশ যেমন সম্মানিত হয়েছে, তাদের আত্মত্যাগও করতে হয়েছে।”

মন্ত্রীর ভাষায়, টেকসই উন্নয়ন ধরে রাখতে হলে টেকসই শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আর শান্তিপূর্ণ পরিবেশ টেকসই করতে টেকসই নিরাপত্তা দরকার।

“পুলিশ সেটাই করছে। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলেই এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।”

কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার সঙ্গে সাক্ষাতের সময় তিনি আমাদের পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বললেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে তোমরা যে ভূমিকা রেখেছ, যে সাফল্য অর্জন করেছ, এটা একটা মাইলস্টোন হিসেবে গৌরবের জায়গায় পরিণত হয়েছে।”

ঢাকা মহানগর পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই দুই কোটি মানুষের শহরকে শৃঙ্খলায় রাখা চাট্টিখানি কথা নয়। তারা দায়িত্ব পালন করছে বলেই ঢাকা থাকার মত নির্ভরযোগ্য শহরে পরিণত হয়েছে। আমাদের পুলিশের মেধা ও দক্ষতার কারণেই এই শহরে শান্তির সুবাতাস বইছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন অনুষ্ঠানে বলেন,  ডিএমপির সকল সদস্যের চেষ্টায় মানুষ ঢাকা শহরে ‘অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে’ বসবাস করছে।

“যেখানে ২০ শতাংশ রাস্তা থাকা দরকার সেখানে ঢাকায় ৭-৮ শতাংশ রাস্তা আছে। সব রাস্তায় গাড়ি চলতেও পারে না। এর মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়া আসলেই কঠিন। পুলিশ ঢাকাকে চলমান রাখছে।”

সচিব বলেন, পুলিশের বিশেষ শাখার প্রধান কিছু গোপনীয় প্রতিবেদন দেন। এ সপ্তাহের প্রতিবেদনে ঢাকা শহরের ফুটপাথ দখলের বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ তথ্য এসেছে।

“কোথায় কী অবস্থায় আছে তার বাস্তব চিত্র তুলে এনেছে তারা। পুলিশের জন্য অপরাধগুলোকে শনাক্ত করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি পুলিশের প্রত্যেকটা ইউনিট এভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।”

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের সবকিছু রাজধানী কেন্দ্রীক। ঢাকা দেশের অর্থনীতির কেন্দ্র।

“এ শহরকে কেন্দ্র করে আমাদের উন্নয়নের অভিযাত্রা। এই উন্নয়নের অভিযাত্রাকে নিশ্চিত করতে হলে মহানগরকে শান্তিপূর্ণ রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় ডিএমপিকে সবসময় তৎপর থাকতে হয়।

“বিগত বছরগুলোতে করোনার মধ্যেই তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় মুন্সীয়ানার পরিচয় দিয়েছে। আমরা এইজন্যই ডিএমপিকে বাংলাদেশ পুলিশের মুখ হিসেবে চিহ্নিত করে থাকি।”