২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটা কার্টুন শেয়ার করল, সেজন্য মারা গেল জেলে: মুশতাকের ভাই

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে কারাবন্দি অবস্থায় লেখক ও ব্যবসায়ী মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত নিয়ে হতাশ তার পরিবার; বিচার পাওয়ার আশাও তারা আর করেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 03:40 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

মুশতাকের লালমাটিয়ার বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে বাড়ির নিচে নেমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তার চাচাতো ভাই ডা. নাফিসুর রহমান।

তিনি জানান, মুশতাকের মা ৮৩ বছর বয়সী জেবুন্নেসা রাজ্জাক এবং স্ত্রী লিপা আক্তার বাসাতেই আছেন। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আগ্রহী নন।

“তারা এখন কারো কাছে আর মুশতাকের মৃত্যুর বিচারও দাবি করতে চান না।”

ডা. নাফিস বলেন, “একটা মানুষ একটা কার্টুন শেয়ার করল। সেটার জন্য ৯ মাস জেলে থাকল, ৬ বার জামিন আবেদন নাকচ হল। কার কাছে কী বিচার চাইবেন আপনি। কে বিচার করবে?”

কোভিড-১৯ মহামারীর মধ্যে ২০২০ সালের ৬ মে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে মুশতাককে গ্রেপ্তার করে পুলিশ। বন্দি অবস্থায় গত বছর ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের।

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদারুল আলম ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও সে সময় গ্রেপ্তার করা হয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

মৃত্যুর আগে নয় মাসে ৬ বার মুশতাকের জামিন আবেদন নাকচ হয় আদালতে। কারাগারে তার মৃত্যু ক্ষোভের জন্ম দেয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও ওই ঘটনায় সরব হয়।

সমালোচনার মুখে মুশতাকের মৃত্যুর তদন্তে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর ৪ মার্চ কমিটি মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়ে জানায়, ‘মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে’।

গর্ব বোধ করতেন মুশতাকের বাবা

লেখক ও ব্যবসায়ী মুশতাক আহমেদের মৃত্যুর ৩৯ দিনের মাথায় মারা যান তার বাবা আব্দুর রাজ্জাক (৮৯)। ছেলের মৃত্যুশোক সইতে পারেননি তিনি।

ডা. নাফিসুর বলেন, “মুশতাকের বাবা প্রায়ই বলতেন, আমার ছেলে জেলে আছে, কিন্তু আমি প্রাউড ফিল করি যে আমার ছেলে একটা প্রতিবাদ করতে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে জেলে গেছে।

“কিন্তু ছেলের মৃত্যুর পর বিচারের কোনো আশা না পেয়ে তিনি খুবই আঘাত পেয়েছেন। এটা তিনি সহ্য করতে পারেননি।”

নাফিসুর বলেন, “ছেলে মারা যাওয়ার পরে মুশতাকের বাবা সারাক্ষণ ফেইসবুকে কে প্রটেস্ট করছে, কী প্রটেস্ট হচ্ছে, শায়ান গান গাচ্ছে, কেউ কবিতা লিখছে… এগুলো নিয়েই উনি সময় কাটাতেন। কারো সঙ্গে এগুলো নিয়ে কোনো আলোচনা করতেন না। ছোট মেয়ে দেশের বাইরে থেকে এলো, তিনি তার সঙ্গেও এসব নিয়ে একটি কথা বললেন না। আসলে তিনি এই সিস্টেমের ওপর পুরোপুরি বিশ্বাস হারিয়েছিলেন।”

‘হাল ছেড়ে দিয়েছে’ পরিবার

ছেলের বিচার নিয়ে মুশতাকের মা কিছু বলেন কী না জানতে চাইলে নাফিসুর বলেন, “এগুলো নিয়ে তিনি কিছুই বলেন না।

“মুশতাকের বাবাও বলতেন, তার মাও একই জিনিসই বলছেন… এই দেশে আর বিচার হবে না। বিচার চেয়ে কোনো লাভ নেই, প্রটেস্ট করেও কোনো লাভ নেই। কিছুই হবে না।”

প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে মুশতাকের চাচাতো ভাই বলেন, “আমরা ধরেই নিয়েছি এসব করে কোনো লাভ নেই। এই দেশে যা হওয়ার তা হবে। কারো কিছু করার নেই।

“তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই কি না না, ওর মা কী চায় কি না, ওর স্ত্রী কী চায় কি না?… অবশ্যই চায়। কিন্তু সবাই এত ফ্রাস্টেটেড যে সবাই হাল ছেড়ে দিয়েছেন।”

মুশতাকের সঙ্গে একই মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস কারাগারের একই সেলে ছিলেন রাষ্ট্রচিন্তার দিদারুল আলম। তিনি এখন জামিনে কারামুক্ত।

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু

মুশতাকের মৃত্যু: ‘অস্বাভাবিক’কিছু পায়নি কোনো তদন্ত কমিটি

পিবিআইর প্রতিবেদনে নারাজি দেবেন কার্টুনিস্ট কিশোর  

দিদারুল বলেন, “মুশতাকের জামিন ছয়বার নাকচ হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শেষ শুনানিতে, তিনি জামিনের বিষয়ে খুব আশাবাদী ছিলেন। সেটি নাকচ হয়ে গেলে তিনি ভেঙে পড়েন।

“ওই দিন সন্ধ্যায় তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন বলে জেলের হাসপাতালে যান। কিন্তু কোনো চিকিৎসা পাননি। মুশতাকের চিকিৎসায় অবহেলা তো ছিলই। আমি এটার প্রমাণও দিতে পারব।”

মুশতাকের মৃত্যুর বিষয়ে সরকারি কর্তৃপক্ষের তদন্ত ‘প্রত্যাখ্যান’ করছেন জানিয়ে দিদারুল বলেন, “এই যে তদন্ত কমিটিগুলো হয় এগুলো তো একপাক্ষিক। যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারাই তদন্ত করছে। এই তদন্তের প্রতিবেদন কখনোই গ্রহণ করি না। কমিটিতে মুশতাকের কোনো স্বজন বা বন্ধু তো ছিল না।”

মুশতাকের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে দিদারুল বলেন, “এর জন্য রাষ্ট্রই দায়ী। আর এ অভিযোগের বিষয়ে তারা যদি আমাকে ভুল প্রমাণ করতে চায়, তাহলে তদন্ত কমিটিতে অবশ্যই আমাদের প্রতিনিধি লাগবে।

“মুশতাক আসলে মারা গেছে কেন, লুটপাটতন্ত্রের বিরুদ্ধে ভয়েস রেইজ করে। আসলে রাষ্ট্রর তো তাকে পুরষ্কৃত করা উচিৎ ছিল, তিনি রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে কথা বলছিলেন।  কিন্তু সে পেল ৯ মাসের কারাভোগ এবং মৃত্যু।”

মামলা চলছে

২০২০ সালের ৬ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী ও লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন ওই দুজনসহ ১১ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা করেন র‌্যাব-৩ এর ডিএডি আবু বকর সিদ্দিক।

মামলার অন্য আসামিরা হলেন- ‘রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের সম্পাদক সুইডেন প্রবাসী তাসনিম খলিল, জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম, হাঙ্গেরি প্রবাসী জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার।

ওই মামলায় পরে গ্রেপ্তার হন মিনহাজ মান্নান ও দিদারুল ইসলাম। মামলায় আসামিদের বিরুদ্ধে ফেইসবুক ব্যবহার করে জাতির পিতা, মুক্তিযুদ্ধ, করোনাভাইরাস মহামারী সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিপ্রায়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ আনা হয়।

ফেইসবুকে ‘I am Bangladeshi’ পেইজে সম্পৃক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় কিশোর, মুশতাক, দিদারুলকে, যে পেইজ থেকে রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল বলে তখন অভিযোগ করে র‌্যাব।

হোয়াটস অ্যাপ ও ফেইসবুক মেসেঞ্জারে কিশোর ও মুশতাকের সঙ্গে তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের খান, শাহেদ আলম, আসিফ মহিউদ্দিনের ‘ষড়যন্ত্রমূলক চ্যাটিংয়ের প্রমাণ’ পাওয়ার কথাও র‌্যাব বলে।

দিদারুল ও মিনহাজ ফেইসবুকে মুশতাকের ‘ফ্রেন্ড’ উল্লেখ করে মামলায় বলা হয়, “তাদের সঙ্গে হোয়াটস অ্যাপ ও ফেইসবুক মেসেঞ্জারে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।”

তদন্ত শেষে গত বছরের ফেব্রুয়ারিতে কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক ও ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বাকি আট আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

Image
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে প্রতিবাদ হয় দেশের বিভিন্ন স্থানে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে প্রতিবাদ হয় দেশের বিভিন্ন স্থানে।

চার মাস পরে গত জুনে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ঢাকা সাইবার ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়।

আদালত ১২ সেপ্টেম্বর কার্টুনিস্ট কিশোর, স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, সাংবাদিক তাসনীম খলিল, হাঙ্গেরিভিত্তিক আল জাজিরার তদন্তকারী ইউনিটের গবেষক জুলকারনাইন, রাষ্ট্রচিন্তার দিদারুল ও অন্য দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

তাদের আইনজীবী হাসনাত কাইয়ুম জানিয়েছেন, ট্রাইব্যুনাল এখনও অভিযোগ গঠন করতে পারেনি। মামলার পরের শুনানি ২৭ ফেব্রুয়ারি।

এ মামলায় কিশোর, মিনহাজ ও দিদারুল জামিনে রয়েছেন। অন্য চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আাদালত।

মুশতাকের মৃত্যুর পর জামিন পান কার্টুনিস্ট কিশোর। পরে তিনি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, ৫ মে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তারও তিন দিন আগে ২ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাধারণ পোশাকের ১৬-১৭ জন লোক কাকরাইলের বাসা থেকে তাকে ‘জোর করে হাতকড়া ও মুখে মুখোশ পরিয়ে অজ্ঞাত এক নির্জন জায়গায়’ নিয়ে যায়।

তাকে রাখা হয় একটি পুরানো ও স্যাঁতস্যাঁতে বাড়ির একটি কক্ষে। সেখান থেকে তিনি বাইরে গাড়ির হর্নের শব্দ পাচ্ছিলেন। ওই ঘরে প্রজেক্টরের মাধ্যমে কিশোরের নিজের আঁকা বিভিন্ন কার্টুন একের পর এক দেখিয়ে সেগুলোর মমার্থ জানতে চাওয়া হয়। করোনাভাইরাস নিয়ে আঁকা কিছু কার্টুন দেখিয়ে জানতে চাওয়া হয়, তিনি সেগুলো কেন এঁকেছেন, কার্টুনের চরিত্রগুলো কারা।

কিশোর বলেছেন, এক পর্যায়ে ‘প্রচণ্ড জোরে থাপ্পর মারা হয়’ তার কানে। তাতে কিছু সময়ের জন্য বোধশক্তিহীন হয়ে পড়েন। তবে তিনি বুঝতে পারছিলেন যে কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পরে ‘স্টিলের পাত বসানো লাঠি দিয়ে’ তাকে ‘পেটানো’ হয়। যন্ত্রণা ও ব্যথায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।

কিশোরের মামলার আবেদন পেয়ে ঢাকার একটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্ত করতে বলে। নভেম্বরে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে জানায় যে, কিশোরকে নির্যাতনের কোনো প্রমাণ তারা ‘পায়নি’।