ভারতে শিক্ষাবৃত্তির জন্য ওয়েবসাইট চালু
দুদেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশিদের জন্য ঘোষিত সুবর্ণজয়ন্তী বৃত্তির (এসজেএস) প্রক্রিয়া সম্পন্ন একটি ওয়েবসাইট চালু করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।
বৃহস্পতিবার ঢাকায় আইসিসিআর স্কলার এবং আইটিইসির প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই ওয়েবসাইট (https://www.sjsdhaka.gov.in) উদ্বোধন করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
২০২১ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য এক হাজার সুবর্ণজয়ন্তী বৃত্তির ঘোষণা দেয় ভারত সরকার।
আইসিসিআরের অধীনে পাঁচশ ও আইটিইসির অধীনে পাঁচশ আসন নির্ধারিত করা হয় দুই শিক্ষাবৃত্তির জন্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করা এসজেএস ওয়েবসাইটে আবেদনকারীদের আইসিসিআর ও আইটিইসি উভয় সাইটেই পথ নির্দেশনা দেবে।
১৯৫০ সালে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মাধ্যমে ভারত ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করার জন্য ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) বৃত্তি চালু হয়েছিল।
ভারতীয় কারগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) কর্মসূচিটি ১৯৬৪ সালে চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে পেশাদারদের জন্য জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান বৃদ্ধি করা।
গতবছর ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা ২৬৭টি আইসিসিআর বৃত্তি পেয়েছিলেন। ওই বৃত্তিতে ভারতের আইআইটি, এনআইটি, নালসার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারী প্রতিষ্ঠানে প্রকৌশল, বিজ্ঞান, কলা, আইন, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে পড়তে যান তারা।
মহামারীর কারণে কোনো সরাসরি কোর্স অনুষ্ঠিত না হওয়ার মধ্যে ২৮৫ জন বাংলাদেশি পেশাজীবী ২০২১-২২ অর্থবছরে ই-আইটিইসি কোর্সের জন্য নিবন্ধন করেছেন।
