নিজেকে নিয়ে লেখা বইয়ের মোড়ক খুললেন টেলিকম মন্ত্রী
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বই প্রকাশের পর এবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে নিয়ে ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ শিরোনামে বই প্রকাশ করলেন দেবব্রত মুখোপাধায়।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উম্মোচন করা হয়।
অনুষ্ঠানে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুকের লেখা ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইয়েরও মোড়ক উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বাংলা ভাষা ও রীতি হারিয়ে যাবে বলে অনেকে ধারণা করছে; আমি তা মনে করি না। বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুখের ভাষা। আগামী দশ বছরের মধ্যে বাংলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইয়ে মন্ত্রীর কর্মময় জীবন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা এবং অবদানের কথা উঠে এসেছে। বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন পত্রিকায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল বিপ্লবসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেসব কলাম লিখেছেন, সেসব লেখার সংকলন ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ নামের বইটি। এটি বেরিয়েছে আবিষ্কার পাবলিকেশনস থেকে।
তানভীর এ মিশুক বলেন, “যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সার্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। আশা করব বই অনুরাগী সচেতন পাঠকেরা বইটি পড়ে তাদের মূল্যবান মতামত দেবেন এবং সামনের দিনে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহ দেবেন।”
সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, বই দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
অন্যদের মধ্যে বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আবৃত্তিকার রুপা চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগদের পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম।
