২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার শিকার, এরপর নিজেই গড়লেন ‘প্রতারক চক্র’

বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘নেগেটিভ’ করার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ১৪ জন গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 06:23 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

একই ধরনের প্রতারণার শিকার হয়ে প্রবাসী এক ব্যক্তি নিজেই প্রতারণার এই চক্র গড়ে তোলেন বলে র‌্যাব জানিয়েছে।  

বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় শতাধিক সিম কার্ড, ৩২টি মোবাইল, পাসপোর্ট ও নগদ সাত লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বেলাল হোসেন (৩১), জসিম উদ্দিন (২২), সুলতান মিয়া (১৯), আবুল হোসেন (২৪), আবদুল নুর (২১), আলফাজ মিয়া (১৯), শামিম (৩২), আহাম্মদ হোসেন (১৯), ইমরান উদ্দিন মিলন (১৯), সবুজ মিয়া (২৭), আব্দুর রশিদ (২৮), আব্দুল করিম চৌধুরী (৩২), আঙ্গুর মিয়া (২৫) ও আলমগীর হোসেন (২০)।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, করোনাভাইরাস পরীক্ষার ফলের ওপর নির্ভর করে একজন প্রবাসীর বিদেশ যাত্রা। প্রতারক চক্রটি এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে।

“যারা রেমিটেন্স এনে আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছেন, মূলত তাদের সরলতার সুযোগ নিয়ে চক্রটি গত এক বছরে হাজার হাজার শ্রমিকের কাছ থেকে করোনাভাইরাসের ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।”

গ্রেপ্তার বেলাল এই চক্রের ‘হোতা’ উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, কুমিল্লার এই বেলাল মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য কুমিল্লা জেলার একটি হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা করান। পরীক্ষার পরপরই এক ব্যক্তি নিজেকে ওই হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে বলেন, তার পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। টাকা দিলে নেগেটিভ করে দেবেন।

“সরল বিশ্বাসে ডাক্তার পরিচয়ধারী ব্যক্তিকে ১০ হাজার টাকা দেন বেলাল, কিন্তু একদিন পরই মোবাইল এসএমএসে পজিটিভ ফল আসে। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, ওই ব্যক্তি প্রকৃত অর্থে ডাক্তার নয়। একজন প্রতারক।”

পরে করোনাভাইরাস মুক্ত হয়ে বেলাল ওমানে চলে যান জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরপর বেলাল তার ব্যবসায়ী বন্ধু সবুজ ও জসিমের সঙ্গে আলাপ করে একইরকম প্রতারণার চক্র গড়ে তোলে।

“তাদের টার্গেট মধ্যপ্রাচ্যগামী সাধারণ শ্রমিকরা। বেলাল কখনও ওমানে বসে, কখনও বাংলাদেশে এসে তার সহযোগীদের দিয়ে তিনি যেভাবে প্রতারণার শিকার হয়েছিলেন, সেভাবে অন্যদের প্রতারণা করে আসছিলেন।”

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান মোবাইল ফোনের ১২০টি সিম দিয়ে প্রতারণার কাজে সহায়তা করেছিলে বলে জানান র‌্যাব কর্মকর্তা মঈন।

তিনি বলেন, “সবুজ মিয়া প্রায় এক হাজার ব্যাক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা আয় করে গ্রামে বাড়ি বানিয়েছে। প্রায় ছয় শতাধিক বিদেশগামী যাত্রীর কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে প্রায় অর্ধ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে বেলাল।”

একই ভাবে অন্যরা লাথ লাখ টাকা আয় করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।