২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের জাকিয়া হত্যা: স্বামীসহ চারজনের ফাঁসির রায়

গোপালগঞ্জে ছয় বছর আগে গৃহবধূ জাকিয়া বেগম হত্যাকে হত্যার ঘটনায় তার স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 01:12 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, নিশানের ভাই এহসান সুশান, ভগ্নিপতি হাসান শেখ ও তাদের কর্মচারী আনিছুর রহমান।

সর্বোচ্চ সাজার পাশাপাশি মোর্শেদায়ান নিশানকে পাঁচ লাখ এবং বাকি তিন আসামিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজহীবী আবু আবদুল্লাহ ভূঞা জানান।

মোর্শেদায়ান নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে পলাতক। অন্য তিন আসামি কারাগারে রয়েছেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় এজলাসে হাজির ছিলেন জাকিয়ার ভাই অছিম উদ্দিন মল্লিক। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

গত ২৭ জানুয়ারি এ মামলার রায় ঘোষণার কথা ছিল, তবে বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন রায় প্রস্তুত না হওয়ায় তা আবার পিছিয়ে ২৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়।

গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ  

গোপালগঞ্জের জাকিয়া হত্যার রায় পিছিয়ে ১০ ফেব্রুয়ারি

Image
জাকিয়া বেগম

জাকিয়া বেগম

জাকিয়াকে খুনের অভিযোগে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন তার বাবা বাবা জালাল উদ্দিন মল্লিক।

মামলার অভিযোগে তিনি বলেন, ২০০৬ সালে নিশানের সাথে জাকিয়ার বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। বিয়ের পর নিশান ও তার পরিবারের সদস্যরা এক কোটি টাকা যৌতুকের জন্য জাকিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সন্তানের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করতেন জাকিয়া।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আসামিরা নিশানের নামে ঢাকায় ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য জাকিয়ার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করে। জাকিয়া তাতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে জোর করে শোয়ার ঘর থেকে রান্নাঘরে নিয়ে যায়। অন্য আসামিদের প্ররোচনায় নিশান তাকে কুপিয়ে হত্যা করেন।

অভিযোগ তদন্ত করে ওই বছরের ৯ জুন গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক সওগতুল আলম চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগ গঠন করে গোপালগঞ্জ জেলা জজ আদালতে চার আসামির বিচার শুরু হয়।

সেখানে সাতজনের সাক্ষ্য গ্রহণ করার পর মামলাটি পাঠানো হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ আদালতে আরও ১৩ জন সাক্ষ্য দেন।

চার্জশিটভুক্ত ২০ সাক্ষীর মধ্যে ২০ জনেরই সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন বিচারক।