ঢাকার মিরপুরে মাছ ব্যবসায়ী তরুণ খুন
ঢাকার মিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মাছ ব্যবসায়ী এক তরুণ।
নিহতের নাম মো. জাহিদ (২৪)। হামলায় তার বন্ধু কামরান (২৩) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর ১১ নম্বর এলাকায় স্থানীয় একদল তরুণ মঙ্গলবার রাত ১০টার দিকে জাহিদ ও কামরানের উপর হামলা চালান বলে তার বন্ধুরা জানিয়েছেন।
তাদের বন্ধু মো. হাছান বলেন, “জাহিদসহ তারা চার বন্ধু বাংলা স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই এলাকার মিঠুন, জসিম, রাজাসহ কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় জাহিদ ও কামরান আহত হয়। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় জাহিদ।”
জাহিদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায়। স্থানীয় বাজারে তিনি মাছের ব্যবসা করতেন বলে জানান হাছান। জাহিদের বাবার নাম হানিফ মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জাহিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কামরানের চিকিৎসা চলছে জরুরি বিভাগে।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মিরপুর ১১নম্বর সেকশনে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।
