সমবায়ের নামে প্রতারণা, ‘টার্গেট’ হতদরিদ্র মানুষ
ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা বলে হতদরিদ্রদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর শাহ আলী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কথিত এক সমবায় প্রতিষ্ঠানের সভাপতি ফয়েজ উল্লাহ (৫০), তার দুই সহযোগী আফরিন আক্তার (২৪) ও তাসলিমা বেগম (৩৩)।
ঢাকার মিরপুর এলাকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক জানান।
মঙ্গলবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেপ্তার তিনজন যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, সেটি ‘শিবপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’ হিসেবে নিবন্ধিত।
“কিন্তু তারা প্রতারণামূলকভাবে ‘শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই ভুয়া সমিতিতে ২০ জন সদস্য অন্তর্ভুক্তির কথা বলা হলেও বর্তমানে আছে তিনশ জনের মতো। ওই অফিস থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।”
যেভাবে চলত প্রতারণা
র্যাব বলছে, এই প্রতারক চক্র তাদের মাঠ পর্যায়ের কর্মী ও সদস্যদের মাধ্যমে মিরপুরের বিভিন্ন বস্তি এলাকার প্রতিবন্ধী, ভিক্ষুক, সেলুন কর্মচারী, মুদি দোকানদার ও ফুটপাতের দোকানদার, গৃহকর্মী ও নিম্নআয়ের মানুষদের ‘টার্গেট’ করে ঋণের লোভ দেখিয়ে সঞ্চয়ের নামে তাদের কোম্পানিতে বিনিয়োগ ও ডিপিএস করতে উদ্বুদ্ধ করত। তাদের অফিসে প্রতিদিন আনুমানিক ২৫০ জন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করা হত।
সংবাদ সম্মেলনে বলা হয়, চক্রটি মানুষকে ভুল বুঝিয়ে 'ইসলামী শরিয়া' ভিত্তিক বিভিন্ন প্রকল্পের প্রচার করত। মুদারাবা ডিপোজিট স্কিম, মুদারাবা কোটিপতি বিশেষ সঞ্চয়, মুদারাবা লাখপতি ডিপোজিট স্কিম, মুদারাবা মিলিওনিয়ার ডিপোজিট স্কিম, মুদারাবা পেনশন ডিপোজিটের নামে প্রলোভন দেখিয়ে ‘প্রতারণামূলকভাবে নগদ অর্থ হাতিয়ে’ আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা ভুক্তভোগীদের বিভিন্নভাবে অল্প সময়ে ঋণের নিশ্চয়তা দিত। বলা হত, ১০ থেকে ১৫ দিন ঠিকমত নির্দিষ্ট হারে সঞ্চয় জমা করলে তখন তাদের ঋণ দেওয়া হবে, যাতে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। কিন্তু ভুক্তভোগীদের দু-একজনকে ঋণ দিলেও কেউ সঞ্চয় থেকে ঋণ পেত না।
এ সমবায়ের কিছু সদস্য দৈনিক ভিত্তিতে সঞ্চয় বা ডিপিএস এর টাকা সংগ্রহ করত। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হত যে, তারা যদি সময়মত সঞ্চয় বা ডিপিএস এর টাকা পরিশোধ না করে, তাহলে তাদেরকে সঠিক সময়ে ঋণ দেওয়া হবে না বা মেয়াদ শেষে তারা মুনাফা কম পাবে এবং জরিমানাও করা হবে।
প্রতারণার আরেকটি কৌশল হিসেবে ভুক্তভোগীদেরকে বোঝানো হত, দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে জমা করলে একসময় ঢাকা শহরে তাদের একটি করে ফ্ল্যাট বা জমি দেওয়া হবে।
র্যাব কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ফয়েজ উল্লাহর বাড়ি ভোলায়, স্থানীয় একটি স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন। ১৯৯২ সালে ভোলা থেকে ঢাকায় এসে মিরপুরের ১৪ নম্বরে থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন।
“২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাফরুলের একটি আর্থিক প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পদেও চাকরি করেন। ২০২১ সালে নিজে 'শিবপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড' প্রতিষ্ঠা করে এবং পরে ওই সমিতির নাম বেআইনিভাবে বিকৃত ও পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে 'শিবপুর ক্ষুদ্র ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড' নামে কার্যক্রম চালিয়ে আসছিলেন।”
এক প্রশ্নের জবাবে এই র্যাব কর্মকর্তা বলেন, “গ্রেপ্তাররা গত ৫ মাসে আনুমানিক ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাদের প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত নয় এবং এনজিও হিসেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি থেকেও অনুমোদিত নয়।”
