২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলে-পতাকায় ভাষা পেল শিশুদের একুশ

মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ উৎসর্গ করা শহীদদের জন্য বসন্তে ফোটা ফুল আর ছোট ছোট পতাকাই হয়ে উঠেছে শিশু-কিশোরদের শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর ভাষা।

রাসেল সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 05:52 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

রক্তস্নাত ইতিহাসের পাঠ থেকে তারাও জানে- সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা এনে দিয়েছেন নিজের ভাষা বাংলায় কথা বলার অধিকার।

একুশের রক্তঝরা দিনে ছোট বোন মাহিয়াকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে ফুল দিতে আসেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রুবায়েত ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রুবায়েত বলেন, “ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে তার ছোটবোন উন্মুখ হয়ে ছিল। তাই তাকে নিয়ে আসতেই হলো।

“অনেক ফুলের ভিড়ে আমার ছোট্ট বোনের একটা গোলাপ জানি না কতোটা গুরুত্ব বহন করে। তবে ওর অকৃত্রিম ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

একুশে ফেব্রুয়ারি আর ভাষার লড়াই সম্পর্কে জিজ্ঞেস করতেই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুপনীল বিশ্বাস একে একে বলে ফেলে ভাষা শহীদদের নাম।

“ওরা আমাদের মায়ের ভাষায় কথা বলা অধিকার এনে দিয়েছে। তাদেরকে কি আমরা ভুলতে পারি?”  

রূপনীলের বাবা রূপক কান্তি বিশ্বাস বলেন, “আমি আজকে অন্য একটা কাজে ব্যস্তু ছিলাম। ছেলে বায়না ধরেছে শহীদ মিনারেই আসবেই, কান্না শুরু করে দিয়েছিল। তাই তাকে নিয়ে এসেছি।

“এখানে আসার পর মনে হয়েছে, একুশের চেতনা বৃথা যাবে না কোনো দিন। একুশের চেতনাই আমাদের এগিয়ে চলার মূলমন্ত্র।”

সোমবার সকালে বাবার সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে ফুল ‍দিতে আসে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঐশী ইসলাম।

ঐশী জানায়, লাল বৃত্তের এই শহীদ মিনারটা সে পাঠ্যবইয়ে দেখেছে। ভাষা শহীদদের ছবিও দেখেছে।

Image
মহামারীকালের একুশে ফেব্রুয়ারিতে মুখের মাস্কে বাংলা বর্ণমালা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বাবার হাত ধরে শহীদ মিনারে এসেছিল শিশুটি। ছবি: মাহমুদ জামান অভি

মহামারীকালের একুশে ফেব্রুয়ারিতে মুখের মাস্কে বাংলা বর্ণমালা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বাবার হাত ধরে শহীদ মিনারে এসেছিল শিশুটি। ছবি: মাহমুদ জামান অভি

“এতদিন ছবিতেই দেখেছি এই শহীদ মিনারটা। আজকে এখানে এসে ফুল দিতে পেরে খুব ভালো লাগছে।”

ঐশীর বাবা জাকিরুল ইসলাম হিমেল বলেন, “একুশের চেতনা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। এই শহীদ মিনার আমাদের চেতনার বাতিঘর। তাই আমার ছোট্ট মেয়ে ঐশী ইসলাকে এখানে নিয়ে এসেছি।”

প্রতিবছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের তরফ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। মহামারীর মধ্যে গতবারের মতো এ বছর তাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবরা।

মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের সারি দেখা যায় শহীদ মিনারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী।

সেই ফুল দিয়ে শহীদ মিনারে স্কাউট, রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যদের বিশাল আকারে বাংলাদেশের মানচিত্র, জাতীয় ফুল শাপলা এবং বিভিন্ন ধরনের লোগো ফুটিয়ে তুলতে দেখা যায়।

রোভার স্কাউট সদস্য ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, “আমরা দেখেছি- শিশুরা মূল বেদীতে ফুল দিতে খুব আগ্রহী। আসলে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা অকৃত্রিম। তাদেরকে সুযোগ করে দিতে আমাদেরও ভালো লাগে।”

Image
শোকের কালো পোশাকে, শ্রদ্ধার ফুল হাতে একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে এসেছিল শিশুটি । ছবি: মাহমুদ জামান অভি

শোকের কালো পোশাকে, শ্রদ্ধার ফুল হাতে একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে এসেছিল শিশুটি । ছবি: মাহমুদ জামান অভি

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা।

একুশে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিন নয়, বাঙালির জাতিসত্ত্বা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের রক্তে লেখা স্মারক।

সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এই দিনটি পালন করেছে জাতি, এ দিনের মূল কর্মসূচি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।

দুপুর ২টায় শহীদ মিনারের ঘোষণা মঞ্চ থেকে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষ।