ফাগুনে বৃষ্টিতে ভিজল ঢাকা, বন্দরে সতর্কতা সঙ্কেত
প্রকৃতিতে এখন বসন্ত। ফাগুনের শুরুতে চলছে পাতা ঝরার দিন। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অস্থায়ী দমকা হাওয়া।
পঞ্জিকার পাতায় শীত বিদায় নিলেও হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমে বাড়িয়েছে শীতের অনুভূতিও।
পূবালি ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণে রাজধানীসহ কিছু কিছু এলাকায় রোববার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান।
তিনি বলেন, “এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবারও হতে পারে।”
হালকা বৃষ্টিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমলেও এ মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, দুয়েকদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।
তবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকায় ঝড়ো হাওয়ার শঙ্কার কথা জানিয়ে মান্নান বলেন, এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
