ব্লগার রাজীব হত্যার ৯ বছর: বিচার নিয়ে হতাশা বাবার
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার নয় বছর পর এ হত্যাকাণ্ডের সার্বিক তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ আর হতাশাই প্রকাশ পেয়েছে বাবা ডা. নাজিম উদ্দিনের কণ্ঠে।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাই কোর্টের রায়ের পর খবর-টবর আর রাখি না। আমি যতটুকু শুনেছি, আপিল বিভাগে গেছে। আমরা এটায় ফেডআপ হয়ে গেছি।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের কালশীতে নিজের বাসার কাছে চাপাতি হামলায় খুন হন আহমেদ রাজীব হায়দার।
গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব পেশায় ছিলেন একজন স্থপতি। উগ্র সাম্প্রদায়িক শক্তির স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন তিনি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানীর উগ্রবাদী শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্র মিলে ওই হত্যাকাণ্ড ঘটায়।
রাজীবের পর গণজাগরণ মঞ্চের কর্মী, ব্লগার, লেখক-প্রকাশক মিলে আরও কয়েকজনের হত্যাকাণ্ডে আনসারুল্লাহর সম্পৃক্ততা পুলিশের তদন্তে উঠে আসে।
তিন বছর পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাজীব হত্যা মামলার রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পলাতক রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির রায় দেয় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আরও ছয়জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।
তাদের মধ্যে মাকসুদুল হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে জরিমানা করা হয়।
আনসারুল্লাহ প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়। রাহমানীকে ওই সাজা দেওয়া হয় হত্যায় ‘উসকানিদাতা’ হিসেবে।
২০১৭ সালের ৪ এপ্রিল হাই কোর্ট ওই শাস্তিই বহাল রাখে। কারাদণ্ড পাওয়া আসামিদের শাস্তি বাড়াতে রাজীবের বাবা যে আবেদন করেছিলেন, তার পক্ষে কোনো আইনজীবী শুনানিতে না থাকায় তা খারিজ হয়ে যায়।
রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন
“টাকা-পয়সা খরচ করে মামলা কোথায় আছে, কী অবস্থায় আছে, জেনে কোনো লাভ নেই বরং এগুলোতে কষ্ট বাড়ে। কারণ এ জগতে কিছু পাব না।... মামলার যে প্রসেস, তাতে বিরক্ত। খোঁজ রাখি না।”
ফাঁসির দন্ডপ্রাপ্ত দুজনের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা ঘটনাস্থলে ছিল না জানিয়ে রাজীবের বাবা বলেন, “সে সময় রানা মালয়েশিয়া ছিল। পলাতক অবস্থায় তার ফাঁসির রায় হয়েছে। হাই কোর্টের রায় প্রকাশের সাত দিন আগে তাকে মালয়েশিয়া থেকে আনা হয়।
“রানাকে তো রিমান্ডে নেওয়া হয়নি। রানা ঘটনাস্থলে ছিল না। ছিল যে দুইটা ছেলে- যে কোপ দিয়েছিল তার ফাঁসি হয়েছে, আর যে প্রধান সহযোগী, তার যাবজ্জীবন হয়েছে।”
রানার নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটেছে মন্তব্য করে নাজিম উদ্দিন বলেন, “রানা কার নির্দেশে কাজ করেছে, কে এই নির্দেশ দিয়েছে, সেটা আমরা জানতে পারিনি।”
রাজীব হত্যা মামলার রায়ে অসন্তোষ থাকলেও অন্য মামলাগুলোর রায়ে সন্তোষ প্রকাশ করেন ডা. নাজিম। তিনি বলেন, “দিপন হত্যা, অভিজিত হত্যায় আসামিদের সবার ফাঁসি হয়েছে। মোটামুটি এটা স্বস্তিদায়ক।”
কিন্তু নিজের ছেলের ঘটনায় ‘ন্যায়বিচার পাননি’ দাবি করে ডা. নাজিম বলেন, “এখানেও নাটক করা হয়েছে। আর এ কারণে যে দুইজনের ফাঁসির রায় হয়েছে, আমি যতদূর জানি রিভিউ করলে, আমার মনে হয় না এদের ফাঁসি হবে। একটাও ফাঁসি হবে না।”
আহমেদ রাজীব হায়দার(ফাইল ছবি)
এখন কোনো হুমকি না থাকলেও, আগে তার ‘জীবনের হুমকি’ ছিল বলে জানান রাজীবের বাবা। তিনি বলেন, “রাজীবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে, রাজীবের যারা কলিগ ছিল, তাদের আমন্ত্রণে যখন এক অনুষ্ঠান যাই, সেখানে অনুষ্ঠান শেষে দুটো বোমার বিস্ফোরণে ঘটে। ওটাই ছিল আমার জন্য বড় হুমকি।”
রাজীব হায়দার খুন হওয়ার পর ২০১৬ সাল পর্যন্ত একের পর এক জঙ্গি হামলা ও হত্যার ঘটনা ঘটতে থাকে, যার লক্ষ্য ছিল ব্লগার, লেখক, প্রকাশক, ভিন্ন ধর্মের প্রতিনিধি ও মুক্ত মতের প্রচারকরা।
রাজিব হায়দার, অভিজিৎ রায়, নীলাদ্রিসহ ১১টি হত্যার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে জানিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরইমধ্যে তিনটি মামলার রায় হয়েছে। অন্যগুলোর বিচার চলছে।
“ব্লগার বা লেখক হত্যার কোনো মামলা তদন্তনাধীন নেই, তবে এসব মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে দুয়েকজন পলাতক আছে।”
