ন্যায়বিচার পাইনি: রাজীবের বাবা
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিলের রায়ে আসামিদের সবার সর্বোচ্চ সাজা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন।
নিম্ন আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এই রায় দেয়।
রায়ের আসামিদের দুজনের মৃত্যুদণ্ড ও জঙ্গি নেতা মুফতি জসীমউদ্দীন রাহমানীসহ অন্য ছয় আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ড বহাল রয়েছে। কারাদণ্ড পাওয়া আসামিদের সাজা বাড়াতে রাজীবের বাবার আবেদনের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী না থাকায় তা খারিজ হয়ে গেছে।
রায়ের পর রাজীবের বাবা সাংবাদিকদের বলেন, “এই রায়ে ন্যায়বিচার পাইনি। আমি এই রায় প্রত্যাখ্যান করলাম।
“যারা আমার সন্তানকে মেরেছে তারা প্রমাণিত সন্ত্রাসী, শিক্ষিত সন্ত্রাসী। কিন্তু তাদের সর্বোচ্চ সাজা হয়নি। জঙ্গিদের যদি সর্বোচ্চ সাজা না দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারেন সমাজের কি অবস্থা?”
সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বললেও ‘আদালতের রায়ে তার প্রতিফলন নেই’ বলে ক্ষুব্ধকণ্ঠে প্রতিক্রিয়া জানান তিনি।
শুনানিতে নিজের আবেদনের পক্ষে কোনো আইনজীবী না রাখার বিষয়ে জানতে চাইলে ডা. নাজিম উদ্দিন বলেন, “আমিতো নিজেই আবেদন করেছি, এটা আদালত দেখবে। আইনজীবীরা কি সবকিছুই করতে পারে। এটা আদালতের অজুহাত।”
হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার যতটুকু সুযোগ আছে, সেটুকু করবো।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের কালশীতে নিজের বাসার কাছে চাপাতি হামলায় খুন হন আহমেদ রাজীব হায়দার।
গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব পেশায় ছিলেন একজন স্থপতি। উগ্র সাম্প্রদায়িক শক্তির স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন তিনি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানীর উগ্রবাদী শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্র মিলে ওই হত্যাকাণ্ড ঘটায়।
রাজীবের পর গণজাগরণ মঞ্চের কর্মী, ব্লগার, লেখক-প্রকাশক মিলে আরও কয়েকজনের হত্যাকাণ্ডে আনসারুল্লাহর সম্পৃক্ততা পুলিশের তদন্তে উঠে আসে। এর মধ্যে কেবল রাজীব হত্যা মামলারই রায় এসেছে আদালতে।
হাই কোর্টে রোববার রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিরুল হক জহির।
পরে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, “এই মামলার যে তদন্ত হয়েছে, তা আরও সুষ্ঠু, সুনির্দিষ্টভাবে হওয়া উচিত ছিল। সাক্ষ্যগ্রহণে যাতে সবসময়ই তদন্তকারী কর্মকর্তারা রেসপনসিবল থাকেন।
“তদন্ত কর্মকর্তার তদন্তের উপর নির্ভর করে একটি ফৌজদারী মামলার প্রমাণের বিষয়টি। সে জন্য দেশপ্রেমিক, দায়িত্বশীল, দায়বদ্ধ কর্মকর্তাদের তদন্তে নিয়োগ করতে পুলিশ প্রধানকে বলা হয়েছে।”
ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আলোচিত এ মামলায় আসামিদের যে সাজা দিয়েছিল, হুবহু তাই বহাল রাখা হয়েছে হাই কোর্টে।
ওই রায়ে আসামিদের মধ্যে রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম দীপের মৃত্যুদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার রায় দেয় আদালত।
বাকিদের মধ্যে মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড হয়।
এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়।
এছাড়া সাদমান ইয়াছির মাহমুদকে ৩ বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।
হত্যায় উসকানিদাতা হিসেবে মুফতি রাহমানীর যে দণ্ড হয়েছিল, তাতে অসন্তোষ জানিয়ে রাজীবের বাবা নাজিম উদ্দিন বলেছিলেন, রায়ে তিনি সন্তুষ্ট নন। এ কারণে কারাদণ্ড পাওয়া আসামিদের শাস্তি বৃদ্ধির জন্য ক্রিমিনাল রিভিশনের আবেদন করেন তিনি।
কিন্তু ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি করে নিম্ন আদালতের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছে হাই কোর্ট।
রাজীবের বাবার আবেদন খারিজ করে দিয়ে হাই কোর্ট বলেছে, ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সময় ওই পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিলেন না।তাছাড়া বাংলাদেশের বিচারের ইতিহাসে উচ্চ আদালতে এসে সাজা বাড়ার নজির খুব বেশি নেই।
