এইচএসসি: বিদেশের কেন্দ্রে পাস ৯৮.৮৮%
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে ৯৮ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ২৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৯২ জন।
মহামারীর মধ্যে গত বছর পরীক্ষা হয়নি, মূল্যায়ন ফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। বিদেশের কেন্দ্রগুলোতে জিপিএ-৫ পেয়েছিল ৬২ জন।
সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে ১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে ৩০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব মিলিয়ে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
এক নজরে বিদেশ কেন্দ্রের ফলাফল
সাল | পাসের হার (%) |
২০২১ | ৯৮.৮৮% |
২০২০ | ১০০% |
২০১৯ | ৯৪.০৭% |
২০১৮ | ৯২.২৮% |
২০১৭ | ৯৪.২১% |
২০১৬ | ৯৩.৫৫% |
২০১৫ | ৮৯.৮৩% |
২০১৪ | ৭২.৫১% |
২০১৩ | ৯০.২৪% |
২০১২ | ৯৪.৪১% |
