উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯৫.২৬%
কোভিড মহামারীর কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।
দীর্ঘ অপেক্ষার পর দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩. ৭৯ শতাংশ।
মহামারীর কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পায়নি। পরে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারিতে তাদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়।
তাতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করে, জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
পদ্ধতিগত পার্থক্যের কারণে ২০২০ সালের সঙ্গে ২০২১ সালের ফলের তুলনা করে পাসের হারে হ্রাস-বৃদ্ধির হিসাব করা যৌক্তিক হবে না। তবে আগের বারের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৬২ জন।
মহামারী শুরুর আগে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাস করে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পাঁচে পাঁচ জিপিএ পেয়েছিল।
আর ২০১৮ সালে পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাবে ফল।
২০২০ সালে দেশে মহামারীর প্রকোপে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। তবে ২০২১ সালে পরীক্ষা ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পরের ধাপে পাঠাতে চায়নি সরকার। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের অপেক্ষায় আট মাস পিছিয়ে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা।
স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা শুরু হয় গত ২ ডিসেম্বর। বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।
বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা এবার নেওয়া হয়নি। তার বদলে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সেসব বিষয়ের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ ফলাফল তৈরি করা হয়েছে।
# এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।
# তাদের মধ্যে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পাস করেছে।সার্বিক পাসের হার ৯৫.২৬%
# নয় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৫৭%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।
# মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।
# কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫%, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন।
এক নজরে ফলাফল
বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
| ২০২১ |
| ২০২০ |
| ২০১৯ |
| ২০১৮ |
|
ঢাকা | ৯৬.২০ | ৫৯,২৩৩ | ১০০ | ৫৭,৯২৬ | ৭১.০৯ | ১৮,১৮৭ | ৬৬.১৩ | ১২,৯৩৮ |
রাজশাহী | ৯৭.২৯ | ৩২,৮০০ | ১০০ | ২৬,৫৬৮ | ৭৬.৩৮ | ৬,৭২৯ | ৬৬.৫১ | ৪,১৩৮ |
কুমিল্লা | ৯৭.৪৯ | ১৪,১৫৩ | ১০০ | ৯,৩৬৪ | ৭৭.৭৪ | ২,৩৭৫ | ৬৫.৪২ | ৯৪৪ |
যশোর | ৯৮.১১ | ২০,৮৭৮ | ১০০ | ১২,৮৯২ | ৭৫.৬৫ | ৫,৩১২ | ৬০.৪০ | ২,০৮৯ |
চট্টগ্রাম | ৮৯.৩৯ | ১৩,৭২০ | ১০০ | ১২,১৪৩ | ৬২.১৯ | ২,৮৬০ | ৬২.৭৩ | ১,৬১৩ |
বরিশাল | ৯৫.৭৬ | ৯,৯৭১ | ১০০ | ৫,৫৬৮ | ৭০.৬৫ | ১,২০১ | ৭০.৫৫ | ৬৭০ |
সিলেট | ৯৪.৮০ | ৪,৭৩১ | ১০০ | ৪,২৪২ | ৬৭.০৫ | ১,০৯৪ | ৬২.১১ | ৮৭৩ |
দিনাজপুর | ৯২.৪৩ | ১৫,৩৪৯ | ১০০ | ১৪,৮৭১ | ৭১.৭৮ | ৪,০৪৯ | ৬০.২১ | ২,২৯৭ |
ময়মনসিংহ | ৯৫.৭১ | ৭,৬৮৭ | ১০০ | ১০,০৪০ |
|
|
|
|
মাদ্রাসা | ৯৫.৪৯ | ৪,৮৭২ | ১০০ | ৪,০৪৮ | ৮৬.৫৬ | ২,২৪৩ | ৭৮.৬৭ | ১,২৪৪ |
কারিগরি | ৯২.৮৫ | ৫,৭৭৫ | ১০০ | ৪,১৪৫ | ৮২.৬২ | ৩,২৩৬ | ৭৫.৫০ | ২,৪৫৬ |
মোট | ৯৫.২৬ | ১,৮৯,১৬৯ | ১০০ | ১,৬১,৮০৭ | ৭৩.৯৩ | ৪৭,২৮৬ | ৬৬.৬৪ | ২৯,২৬২ |
ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যত কামনা করেন।
তিনি বলেন, “কৃতকার্য হয়েছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং যারা হতে পারেনি, আমি মনে করি যে, একটা অস্বাভাবিক পরিবেশের মধ্যে পরীক্ষা হয়েছে। কাজেই এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য আপনারা সুযোগ করে দেবেন। এবং তাদেরকে আদর দিয়ে,ভালোবাসা দিয়েই… তাদের অকৃতকার্য হওয়া তাদের কোনো অপরাধ না। বিশ্বব্যাপী এই সমস্যাটা হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না। সারাবিশ্বেই এই করোনা মহামারীর কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।”
শিক্ষামন্ত্রী দীপু মনি অনুষ্ঠানে বলেন, “কারিগরি শিক্ষার বিষয়ে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখব, তারা কারিগরি শিক্ষা ও গবেষণায় জোর দিয়েছে।”
শিক্ষার সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের ‘মনের দরজা-জানালা’ খোলা রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, “গতানুগতিক শিক্ষার বাইরে বেরিয়ে নিজেকে কর্মজগতের উপযুক্ত করে গড়ে তুলতে হবে “
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “উচ্চ শিক্ষা পর্যায়ে অনার্স বা মাস্টার্স শেষ করে সনদ পাওয়া পর্যন্ত অপেক্ষা না করে অনার্স পর্যায়ে শর্ট কোর্সের ব্যবস্থা করে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করে দিতে হবে।”
শিক্ষার্থীদের যোগ্যতানির্ভর কোর্স ও কম্পিউটারে দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
“মহামারীর সময় আমরা দেখেছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও তাদের কোর্স উন্মুক্ত করে দিয়েছে। এই সুযোগগুলো শিক্ষার্থীদের নিতে হবে। নিজেদের দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে তৈরি করতে হবে।”
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
ফল পুনঃনিরীক্ষণ
প্রত্যাশিত ফল না পেলে আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
পুনঃনিরীক্ষণ আবেদনের প্রক্রিয়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট ও রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের ওয়েবসাইটে জানা যাবে।
