এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত
এইচএসসি ও সমমানের প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর ফলাফলের অপেক্ষা শেষ হচ্ছে রোববার; তাতে প্রত্যাশিত ফল না আসলে তা আবার যাচাইয়ের আবেদন করতে এক সপ্তাহ সময় পাবেন তারা।
পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।
ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া পরবর্তীতে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট ও রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের ওয়েবসাইটে জানা যাবে।
রোববার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন।
পরে সকাল সাড়ে ১১টায় ঢাকার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বেলা ১২টা থেকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
গত ২ ডিসেম্বর শুরু হওয়া ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।
মহামারী পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা না নেওয়ায় বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।
