ইয়াবা উদ্ধারের প্রথম মামলায় ৫ জনের কারাদণ্ড
দেশে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা প্রথম মামলায় প্রায় ২০ বছর পর দুই ভাইসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার পরিবেশ আপিল আদালতের (বিশেষ দায়রা আদালত) বিচারক এস, এম, এরশাদুল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- শরিয়তপুরের নড়িয়া থানার ছোটপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম ওরফে জুয়েল, তার ভাই সফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম, একই গ্রামের অনু মাস্টারের ছেলে সামছুল ইসলাম।
এছাাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও তানার মোগড়াপাড়া গ্রামের বাদল সাহার ছেলে সোমনাথ সাহা ওরফে বাপ্পী এবং ডেমরা থানার মাতুয়াইল দক্ষিণপাড়া মৃধা বাড়ির মোজাম্মেল হকের ছেলে এমরান হক।
এদের মধ্যে সফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড- দেওয়া হয়। এছাড়া মাদক আইনের আরেক ধারায় তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড-, দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড- দেওয়া হয়।
অপর চার আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
আসামিদের মধ্যে জুয়েল ও রফিকুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.এফ.এম রেজাউল করিম হিরণ জানান, “রায়ে জব্দ করা মাদক বিক্রির দুই লাখ ৩৯ হাজার ৮০০ টাকা এবং দুটি মোবাইল সেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৮ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সফিকুল ইসলামের গুলশান থানা এলাকার নিকেতনের বাসায় তল্লাশি চালায়।
সেখানে ৪০০ গ্রাম টেট্রা হাইড্রোক্যানাবিনল, তিনটি হেরোইন সেবনের পাইপ, দুটি এডেগ্রা ট্যাবলেট, ১২০টি মরফিন ও অ্যামফিটামিনযুক্ত (ইয়াবা) ট্যাবলেট, দুই লাখ ৩৯ হাজার ৮০০ টাকা, ২১টি পর্নো সিডি, দুটি মোবাইল সেট পাওয়া যায়।
এর আগ পর্যন্ত দেশে অ্যামফিটমিনযুক্ত ট্যাবলেট বা ইয়াবা উদ্ধারের আর কোনো ঘটনা পাওয়া যায়নি।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক গুলশান থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৩ সালের ১৪ জানুয়ারি ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে হাইকোর্ট এ মামলার আসামি মোসফিক রহমান ওরফে তমালের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করেন। মামলাটির বিচার কাজ দীর্ঘদিন হাইকোর্টে স্থগিত ছিল।
২০১০ সালের ৫ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পর আদালতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
