গোপালগঞ্জের জাকিয়া হত্যার রায় ফের পেছাল
গোপালগঞ্জে গৃহবধূ জাকিয়া বেগম হত্যা মামলার রায় দ্বিতীয়বারের মত পিছিয়ে গেল।
বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করে দেন।
এর আগে গত ২৭ জানুয়ারি এ মামলার রায়ের তারিখ থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে যায়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঁইঞা জানান, গত ১৩ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।
জাকিয়া বেগম
মোর্শেদায়ান নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে পলাতক। অন্য তিন আসামি জামিনে ছিলেন। ১৩ জানুয়ারি আদালত তিন আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাকিয়া আক্তারকে খুনের অভিযোগে তার বাবা জালাল উদ্দিন মল্লিক ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি চারজনের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে নিশানের সাথে জাকিয়ার বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। বিয়ের পর নিশান ও তার পরিবারের সদস্যরা এক কোটি টাকা যৌতুকের জন্য জাকিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সন্তানের কথা চিন্তা করে নির্যাতন সহ্য করতেন জাকিয়া।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আসামিরা নিশানের নামে ঢাকায় ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য জাকিয়ার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করে। জাকিয়া তাতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে জোর করে শোয়ার ঘর থেকে রান্নাঘরে নিয়ে যায়। অন্য আসামিদের প্ররোচনায় নিশান তাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
অভিযোগ তদন্ত করে ওই বছরের ৯ জুন গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক সওগতুল আলম চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগ গঠন করে গোপালগঞ্জ জেলা জজ আদালতে চার আসামির বিচার শুরু হয়।
সেখানে সাতজনের সাক্ষ্য গ্রহণ করার পর মামলাটি পাঠানো হয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ আদালতে আরও ১৩ জন সাক্ষ্য দেন।
গত ৩০ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য ধার্য ছিল। কিন্তু ওইদিন আবার আসামিদের আত্মপক্ষ শুনানি হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের তারিখ ধার্য করেন।
