২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে প্রকাশিত হল কামাল চৌধুরীর কবিতার আরবি সঙ্কলন

কবি কামাল চৌধুরীর নির্বাচিত কবিতার আরবি অনুবাদ ‘কাসাইদ মুখতারা’ প্রকাশ করেছে মিশরের প্রকাশনা সংস্থা কায়ান পাবলিশিং হাউজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 03:11 AM

Updated : 02 Aug 2022, 02:51 PM

মিশরের কায়রোতে ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে কবিতা সঙ্কলনটি প্রকাশিত হয়েছে বলে মিশরে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্যারিস প্রবাসী ফিলিস্তিনের অনুবাদক মোহাম্মদ দাব্বাজাহ নির্বাচিত ১২৫টি কবিতার আরবি অনুবাদ করেছেন।

নতুন কায়রোর ইজিপ্ট ইন্টারন্যাশনাল একজিবিশন সেন্টারে (ইআইইসি) ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বই মেলা; মেলার ১ নম্বর হলের ১২৯ নম্বর স্টলে বইটি স্থান পাচ্ছে।

মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম মেলা পরিদর্শন গেলে তাকে এক কপি বই উপহার দিয়েছে প্রকাশনা সংস্থাটি।

নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সৌদি আরব, জাপান, ভারত, বাংলাদেশ, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, স্পেন, ইতালি, বেলজিয়াম, সুইডেন, যুক্তরাষ্ট্র, মিশর ও কয়েকটি আরব দেশ মিলিয়ে মোট ৫১টি দেশ অংশগ্রহণ করেছে এ মেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি কামাল চৌধুরীর কবিতার বইটির প্রচ্ছদে পাখির চোখে দেখা বাংলাদেশের নদীতে ভাসমান এক ঝাঁক নৌকার দৃশ্য ‘বাংলাদেশের কবি ও কবিতার স্বকীয়তাকে’ প্রকাশ করেছে।

বইটির ভূমিকায় প্রকাশনা সংস্থাটি লিখেছে, “সর্বার্থে বাংলা আধুনিক কবিতার কবি হিসেবে স্বীকৃত বাংলাদেশের কবি কামাল চৌধুরী তার অভিজ্ঞতাকে প্রশংসনীয় কবিতায় পরিণত করেছেন। কবির শব্দভাণ্ডারের কারুকাজ, কল্পনার কৌশলী ব্যবহার এবং ছন্দের সূক্ষ অনুভূতি নির্বাচিত কবিতাসমূহকে মনোমুগ্ধকর পাঠে পরিণত করেছে।”

ইতোমধ্যে ভাষা ও সাহিত্যে ২০২২ সালের একুশে পদকের জন্য কামাল চৌধুরীর নাম ঘোষণা করেছে সরকার।