২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ: দুদকের বাছিরের পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু

ঘুষের মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 09:29 PM

Updated : 02 Aug 2022, 02:50 PM

রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে বাছিরের পক্ষে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান শুনানি করেন।

পরে বিচারক শেখ নাজমুল আলম আসামি পক্ষের অবশিষ্ট শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি ঠিক করেন দেন।

শুনানিকালে বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান এবং এনামুল বাছিরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

৩ ফেব্রুয়ারি হয় মিজানের পক্ষে যুক্তিতর্ক। তার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় ২০১৯ সালে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে।

এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক; এক হাত ঘুরে সেই অনুসন্ধানের দায়িত্ব পান কমিশনের তৎকালীন পরিচালক এনামুল বাছির।

সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির।

এর পক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপ একটি টেলিভিশনকে দেন তিনি। ওই অডিও প্রচার হওয়ার পর দেশজুড়ে শুরু হয় আলোচনা।

অভিযোগটি অস্বীকার করে বাছির দাবি তখন করেন, তার কণ্ঠ নকল করে ডিআইজি মিজান কিছু ‘বানোয়াট’ রেকর্ড একটি টেলিভিশনকে সরবরাহ করেছেন।

অন্যদিকে ডিআইজি মিজান বলেন, সব জেনেশুনেই তিনি কাজটি করেছেন ‘বাধ্য হয়ে’।

এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেন। পরে তিনি অভিযোগপত্র দেন।

গত বছর ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।

ঘুষের অভিযোগ ওঠার পর তাদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। ২০২০ বছরের ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। আরেক মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজানকেও পরে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ২৩ ডিসেম্বর বিচারক শেখ নাজমুল আলম আত্মপক্ষ শুনানির তারিখ ঠিক করেন।

গত ৩ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মিজানুর রহমান ও এনামুল বাছির। ওইদিন তারা লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় চান।

আদালত ১২ জানুয়ারি আসামিদের লিখিত বক্তব্য জমা দেয়ার তারিখ ধার্য করেন। ওইদিনই তারা লিখিত বক্তব্য আদালতে জমা দেন। ডিআইজি মিজান ৬ পৃষ্ঠা এবং এনামুল বাছির ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা দেন।

পুরনো খবর

ডিআইজি মিজান ঘুষ দিয়েছিলেন চাপে পড়ে: আইনজীবী  

কাজটি করেছি তাকে ফাঁসাতে, নিজেকে বাঁচাতে: ডিআইজি মিজান  

ডিআইজি মিজানের কাছ থেকে ঘুষ: দুদক পরিচালক বাছির সাময়িক বরখাস্ত  

গণমাধ্যমে ভুল তথ্যে আমি ক্ষতিগ্রস্ত: দুদকের বাছির  

দুদক থেকে বেরিয়ে ডিআইজি মিজান বললেন, ‘স্যরি’  

দুর্নীতির মামলায় ডিআইজি মিজানের বিচার শুরু