বায়তুল মোকাররমের খতিব সালাহ উদ্দিন মারা গেছেন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান বলে জানিয়েছেন এ মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মিজানুর রহমান বলেন, “সন্ধ্যায় অসুস্থবোধ করায় ঝিগাতলার বাসা থেকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
২০০৯ সালের জানুয়ারিতে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করে।
এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদে খতিবের দ্বায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মাওলানা সালাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
