২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারির শেষ দিকে শিলা বৃষ্টির আভাস

চলতি ফেব্রুয়ারিতে এক দফা শৈত্য প্রবাহের পর মাসের শেষ দিকে শিলা বৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 10:21 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ফেব্রুয়ারি মাসে দেশে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

তিনি জানান, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মাঘের দ্বিতীয়ার্ধে অন্তত ১২টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে।

তবে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে তা কেটে যাচ্ছে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজুলর রশিদ জানান, বুধবারও রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।

এ মাসে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানা শুষ্ক থাকতে পারে। রাত থেকে ভোর পযন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।