প্রত্যেক এলাকার দুর্যোগ ঝুঁকির তথ্য মিলবে এক সাইটে
দেশের কোন এলাকায় কী ধরনের প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা রয়েছে কিংবা আগে কোনো দুর্যোগের নজির আছে কী না, এসব তথ্য একসঙ্গে পাওয়া যাবে পরিকল্পনা কমিশনের নতুন একটি ওয়েবসাউটে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট এলাকার ঝুঁকি যাচাইয়ের লক্ষ্যে দুর্যোগ সংক্রান্ত তথ্য সন্নিবেশ করে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
বুধবার পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ ডিজিটাল রিস্ক ইনফরমেশন সিস্টেম (ডিআরআইপি) http://drip.plancomm.gov.bd/ নামে ওয়েবসাইটটি চালু করে।
রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, “আমাদের উন্নয়ন প্রকল্পের ডিপিপি (ডিটেইল্ড প্রজেক্ট প্রপোজাল) তৈরির সময় সংশ্লিষ্ট এলাকায় কী ধরণের দুর্যোগের প্রবণতা রয়েছে সে সম্পর্কে ভাল ধারণা না থাকার কারণে কী করণীয় তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।
“কারণ আমাদের দেশে এসব বিষয় নিয়ে তথ্য পাওয়া যায় না। এখন তথ্য সহজলভ্য করার জন্যই এই ওয়েবসাইটের উদ্যোগ নেওয়া হয়।”
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় টেকসই উন্নয়নে জোর দিয়ে তিনি বলেন, “অনেক ডিপিপি তৈরির সময় প্রকল্পটি কিভাবে বাস্তবায়ন করলে সবচেয়ে টেকসই হবে সে বিষয়ে কোনও নির্দেশনা দিতে পারে না।
“এখন যে এলাকার প্রকল্প গ্রহণ করা হবে এই ওয়েবসাইট থেকে দুর্যোগের বিষয়ে তথ্য নিয়ে সেসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহজ হবে।”
এই ওয়েবসাইট টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন পরিকল্পনামন্ত্রী।
প্রকল্প পরিচালক, যুগ্ন সচিব ড. নুরুন নাহার মূল প্রবন্ধে জানান,ওয়েবসাইটে দেশের ৬৪ জেলায় দুর্যোগ ঝুঁকি বিষয়ক তথ্য যেমন- বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, লবনাক্ততাসহ ১১ টি দুর্যোগের হালনাগাদ তথ্য সন্নিবেশন করা হয়েছে।
প্রত্যেক দুর্যোগ ঝুঁকির জন্য আপদ এবং বিপদাপন্নতার বিভিন্ন সূচকের সমন্বয়ে জেলা ভিত্তিক ঝুঁকি সূচক প্রণয়ন করা হয়েছে জানিয়ে এর কার্যকারিতার দিকটি তুলে ধরেন তিনি।
“সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কর্তৃক উন্নয়ন প্রকল্প ( ডিপিপি ) প্রণয়নের সময় এসব দুর্যোগ ঝুঁকির তথ্য বিবেচনায় নিয়ে প্রকল্প প্রণয়ন করা হলে প্রকল্প বাস্তবায়নে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমে আসবে এবং প্রকল্প টেকসই হবে।”
এছাড়া উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে ওয়েবভিত্তিক এই প্ল্যাটফর্মে ঝুঁকির তথ্যগুলো সহায়ক হয়ে উঠবে।
তিনি জানান, প্ল্যাটফর্মের ঝুঁকিজনিত তথ্য ইতোপূর্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি এটলাসের মানচিত্র ও ডেটা ব্যবহার করা হয়েছে।
এই প্ল্যাটফর্মে জেলাভিত্তিক তথ্য দেওয়া হলেও তা উপজেলা পর্যায়ে রূপান্তর করা যাবে এবং আপদ ও বিভিন্ন বিপদান্নতার হালনাগাদ তথ্য যোগ করার মাধ্যমে আরও সমৃদ্ধ করা যাবে।
পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন উপস্থিত ছিলেন।
ইউকে এইড, সুইডিশ দুতাবাস এবং ইউএনডিপি’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করার কথা অনুষ্ঠানে জানানো হয়।
ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) নামে একটি প্রকল্পের মাধ্যমে এই ওয়েবসাইট এবং ডিপিপি তৈরি সহজীকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
