শবে মেরাজের ছুটি ১ মার্চ
চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে আগামী ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে মুসলমান সম্প্রদায়ের শবে মেরাজ পালিত হবে, সেক্ষেত্রে ছুটি থাকবে পরদিন ১ মার্চ।
ফাইল ছবি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।
শবে মেরাজে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে তা ঐচ্ছিক ছুটির দিন।
শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার দিন। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) নব্যুয়ত লাভের দশম বছরে (৬২০ খ্রিস্টাব্দ) ২৭ রজব রাতে ঊর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন।
ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই রাত কাটায়। এই দিন অনেকে নফল রোজাও রাখেন।
চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ উপস্থিত ছিলেন।
