২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক’ শব্দ: চতুর্থবারেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

টানা চতুর্থবারের মতো তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় টিভি নাটক ও আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহারের অভিযোগে করা দুই মামলায় নতুন করে তারিখ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 05:34 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত আগামী ১৬ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ঠিক করেছেন।

এদিন প্রতিবেদন জমার তারিখ থাকলেও পরপর চতুর্থ বারের মতো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল করতে ব্যর্থ হয়।

এর আগে তিন দফায় গত ২২ সেপ্টেম্বর, ১ নভেম্বর ও ১৫ ডিসেম্বর তারিখ থাকলেও পিবিআই তদন্ত প্রতিবেদন দিতে না পারায় সর্বশেষ ২ ফেব্রুয়ারি তারিখ দিয়েছিল আদালত। এবার তা আরও এক দফা পেছাল।

চ্যানেল আই সম্প্রচারিত টিভি নাটক ও একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা ও শব্দ ব্যবহারের অভিযোগে বশির আল হোসাইন নামে একজন প্রতিবন্ধী অধিকার কর্মী গত বছর ১১ অগাস্ট আদালতে দুটি মামলা করেন।

প্রথম মামলাটি করা হয় ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এর আগেও নাটকটি নিয়ে সমালোচনা হয়েছিল।

এ মামলার আসামিরা হলেন- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, অভিনেতা আফরান নিশো, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।

মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা এবং পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

দ্বিতীয় মামলাটি করা হয় আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে। যেখানে আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারনা’র প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার আসামিরা হলেন- ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এই মামলায় বাদীর অভিযোগ ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে।

সেখানে অভিযোগ করা হয়, ওই টকশোতে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাবো?’

দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

তিনি আর্জিতে বলেছেন, এ ধরনের নেতিবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হয়েছে।

আরও পড়ুন

নাটকে, আলোচনায় প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক’ শব্দ, মামলা তদন্তের নির্দেশ  

প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক’ শব্দ: দুই মামলায় প্রতিবেদন পেছাল তৃতীয়বার  

প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক’ শব্দ, প্রতিবেদন জমার দিন ফের পেছাল  

প্রযোজক-পরিচালককে দুষছে শিল্পী সংঘ, নিশো-মেহজাবীনের পক্ষে সাফাই  

‘দায়িত্বহীন’ কাজ হয়েছে, ‘ঘটনা সত্য’ নাটক নিয়ে এফটিপিও