২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধিতা নিয়ে ‘নেতিবাচক’ শব্দ, প্রতিবেদন জমার দিন ফের পেছাল

টিভি নাটক ও আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক’ শব্দ ব্যবহারের অভিযোগে আলাদা দুই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 06:39 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আগামী ১৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

বাদী পক্ষের প্রধান আইনজীবী জীবনানন্দ চন্দ জয়ন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন তদন্ত প্রতিবেদন জমার দিন থাকলেও তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দিতে পারেনি।

গত ১১ আগস্ট ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকী মামলা দুটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

নির্ধারিত তারিখ গত ২২ সেপ্টেম্বর তদ্ন্ত প্রতিবেদন দিতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছিলেন। 

চ্যানেল আই সম্প্রচারিত ‘ঘটনা সত্য’ নাটক এবং ‘টু দ্য পয়েন্ট’ নামে একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা ও শব্দ ব্যবহারের অভিযোগে বশির আল হোসাইন নামে একজন প্রতিবন্ধী অধিকার কর্মী আদালতে এই দুটি মামলা করেন।

প্রথম মামলাটি করা হয় ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এর আগেও নাটকটি নিয়ে সমালোচনা হয়েছিল।

এ মামলার আসামিরা হলেন- অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অভিনেতা আফরান নিশো, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।

মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা এবং পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

দ্বিতীয় মামলাটি করা হয় চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে। যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারনা’র প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার আসামিরা হলেন- ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

এই মামলায় বাদীর অভিযোগ ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে।

সেখানে অভিযোগ করা হয়, ওই টকশোতে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাবো?’

দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দবন্ধ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

তিনি আর্জিতে বলেছেন, এ ধরনের নেতিবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হয়েছে।