২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এইবার কম্বল-চাদর তো দেহি না’

শৈত্যপ্রবাহের প্রভাবের পাশাপাশি তাপমাত্রা কমায় কষ্টের মধ্যে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ; যারা বলছেন, অন্য বছরগুলোর মতো এবার ‘গরম’ কাপড় দিয়ে সহায়তা করতে তেমন কেউ এগিয়ে আসছে না।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 12:59 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

রোববার ঢাকার খিলগাঁও, মগবাজার, রামপুরা, হাই কোর্ট মাজার এলাকা ঘুরে দেখা যায়, শীত বেড়ে যাওয়ায় ছিন্নমূলদের অনেকেই পলিথিনের তৈরি ঘরে বসে আছেন। কেউ কেউ ঘরের বাইরে কাঠ-খড়ি পুড়িয়ে আগুনে তা নিচ্ছেন।

‘ঘরে’ কম্বল বা লেপ না থাকায় পুরনো কাপড় দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ছিন্নমূল ও বস্তিবাসীদের মধ্যে বেশি কষ্টে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা।

ছিন্নমূল ও বস্তিবাসীরা জানান, এবার প্রথম দিকে শীত হালকা থাকায় তখন তেমন কষ্ট হয়নি। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে তাদের কষ্টও বেড়ে গেছে। এ বছর এখন পর্যন্ত তাদের কাছে কোনো ব্যক্তি বা সংস্থা থেকে শীতবস্ত্র নিয়ে আসেনি।

Image
রোববার সকালে প্রচণ্ড শীতের মধ্যে ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের নিচে কম্বল জড়িয়ে শুয়ে ছিন্নমূল মানুষেরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

রোববার সকালে প্রচণ্ড শীতের মধ্যে ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের নিচে কম্বল জড়িয়ে শুয়ে ছিন্নমূল মানুষেরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

খিলগাঁও আনসার-ভিডিপি ক্যাম্প এলাকার প্রধান সড়কের পাশে ফুটপাতে পলিথিন দিয়ে ৫২টি ঘর বাড়িয়ে বসবাস করেন ১৫০/২০০ মানুষ।

রোববার বিকালে সেখানকার বাসিন্দা বানেছা খাতুনকে তার ঘরের সামনে একটি পুরাতন কাঁথা মেরামত করতে দেখা গেল। কথায় কথায় বললেন, “হঠাৎ কইরা শীত বাইড়া গেছে। অহন ঘরের ভিতরে কিছু নাই যে রাতে থাহুম। আগের একটা ক্যাথা আছে, এইডারে সিলাই করতাছি। দিনে যেমন-তেমন, রাতে তো শীতে সহ্য হয় না।”

জামালপুরের ষাটোর্ধ্ব বানেছা স্বামী জালাল মিয়াকে নিয়ে এ বস্তিতে থাকেন বেশ কয়েক বছর ধরে। গ্রামে তিন মেয়েকে বিয়ে দেওয়ার পর অভাব-অনটনের মুখে বছর পনের আগে ঢাকায় পাড়ি জমান তারা।

এবার কেউ সহায়তা করছে না, সে কষ্টের কথাও জানালেন বানেছা। তার কথায়, “আমরা দুইজনই বুড়া-বুড়ি, কাম-কাজ করতে পারি না। মানুষদের থেকে সাহায্য তুলে খাই। এই শীত যাইতেছে, আমরা খাউনের লাগিই চিন্তা করে শেষ করতে পারি না, মোটা কাপড় কেমনে কিনুম? কেউ তো আইয়েও না, আগের বছর তো কেউ কেউ আইয়া কম্বল-চাদর দিয়ে যাইতো, এইবার তো কেউ দেহি না!”

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শৈত্যপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অন্তত একদিন চলতে পারে বলে আভাস রয়েছে।

খিলগাঁওয়ে বানেছার পাশের ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন ৭০ বছরের কমল সরকার। তিনি বলেন, “আমি তো কোনো কাম-কাজ করতে পারি না। আমি অচল হয়ে পড়ে আছি। আমার স্ত্রী এখানে-সেখানে কাম-কাজ করে, যা পায় তা নিয়ে আসলে দুইজনে মিলে খাই। কোনো দিন কিছু না আনতে পারলে না খেয়েই থাকতে হয়।”

এই শীত কিভাবে কাটছে- এ প্রশ্ন করতেই অসহায়ত্বের ছাপ দেখা গেল কমলের মুখাবয়বে। ভারাক্রান্ত মনে বলে উঠলেন, “শীতে কষ্ট করি, আমাদের তো কেউ কিছু দেয় না। কম্বল-টম্বল দিলে ভাল হইত। আমরা তো কিনে আনতে পারুম না।”

কথা হলো বানেছা-কমলদের আরেক প্রতিবেশী হাজেরা খাতুনের সঙ্গে। ময়মনসিংহের এই নারী সেখানে থাকেন আট বছরের ছেলেকে নিয়ে।

শীত-বর্ষা কোনো মৌসুমেই যে বস্তিবাসী ভালো থাকে না, তা উঠে এলো হাজেরার কথায়। তার ভাষায়, “মানুষের বাসা-বাড়িতে কাজ করি, ছেলেটাকে নিয়ে রাতে এখানে থাকি। এখানে শীতের সময় ঠাণ্ডায় কষ্ট করি, আবার বৃষ্টির সময় সব ভিজে যায়।”

খিলগাঁও থেকে ৩-৪ কিলোমিটার দূরত্বে মগবাজার বস্তিতে থাকেন ফজলুর রহমান। তিনি ঢাকায় আসেন স্বাধীনতার পর। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মগবাজার বস্তিতে থাকেন বরিশালের এই ব্যক্তি। আগে ডাব বিক্রি করলেও অসুস্থতার কারণে এখন আর তিনি কাজ করতে পারেন না। ফজলুরের স্ত্রী রেহেনা বেগমও প্যারালাইজড হয়ে শয্যাশায়ী।

ফজলুর বললেন, “ছেলেরা কেউ ভ্যান চালায়, কেউ রিকশা; তারা তাদের আয়-জোরগার দিয়ে চলে। আমাদের তো চলতে কষ্ট হয়ে যায়। এখন শীতে কষ্ট আরও বেড়ে গেছে। আগে দেখতাম অনেকে শীতের সময় সাহায্য সহযোগিতা করতো, এবার এখন পর্যন্ত কেউ আসেনি। পুরাতন কম্বল-কাঁথা যা আছে, সেগুলো দিয়ে কোনোরকমে রাত কাটে।”

একই বস্তিতে স্বামীকে নিয়ে থাকেন ময়মনসিংহের নূর জাহান। তিনি বললেন, “আমি অসুস্থ মানুষ, ভিক্ষা করে খাই। এহন শীত বাড়ছে, কেবল একটা পুরাতন সোয়েটার আছে। আর কোনো শীতের কাপড় নাই। আমরার তো কাপড় কিনার পয়সাও নাই।”