২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক এমদাদুলকে মারধরের মামলায় সাবেক যুবলীগ নেতার জামিন

‘বাসায় ঢুকে’ সাংবাদিক এমদাদুল হক খানকে মারধর ও ভাঙচুরের মামলায় রমনা থানা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদুল আলম ওরফে মাসুদ ও তার সহযোগী ইয়াসিন মোল্লাকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 06:51 PM

Updated : 02 Aug 2022, 02:47 PM

রোববার ঢাকার মহানগর হাকিম সৈয়দ রেজা নূর বাদীর অনাপত্তিতে তাদের জামিনের আদেশ দেন।

এর আগের দিন ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম নিভানা খায়ের জেসির আদেশে ‍দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছিল। তাদের জামিন শুনানির জন্য রোববার দিন রেখেছিলেন তিনি।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক এএসএম মনিরুজ্জামান মণ্ডল জানান, দুই আসামির পক্ষে দীপংকর ঘোষ রোববার জামিন শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, “ঘটনার বিষয়ে আসামিরা কিছুই জানে না। তারা পরিস্থিতির শিকার। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে তাদের মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তাদের জামিনের প্রার্থনা করছি।”

শুনানিতে উপস্থিত ছিলেন মামলার বাদী সাংবাদিক এমদাদুল হক খান। আসামিদের জামিন দিলে তার আপত্তি নেই বলে আদালতকে জানান।

এমদাদুল বলেন, মাসুদের স্ত্রী তার সহকর্মী। তার অনুরোধে এ দুই আসামিকে জামিন দিলে আপত্তি নেই। তারা জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি বা অভিযোগ নেই। তবে আসামিদের সঙ্গে সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত মামলা চলমান থাকবে।

গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা থেকে যুবলীগের সাবেক সহসভাপতি মাসুদ ও তার সহযোগী ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদ টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্য পরিদর্শকের দায়িত্বে আছেন।

ঢাকার মগবাজার পেয়ারাবাগের বাসায় ঢুকে হামলার অভিযোগে গত বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক এমদাদুল।

তিনি জানান, পেয়ারাবাগে ‘ফিরোজা গার্ডেন’ নামে ওই ভবনের আটতলার একটি ফ্ল্যাটে সাত মাস ধরে ভাড়া থাকছেন। ফ্ল্যাট মালিক মাসুদের স্ত্রী নাহিদ তন্ময় তনুর সঙ্গে তিন বছরের জন্য তার চুক্তি হয়।

এক সময় মোহনা টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করা এমদাদুল অভিযোগ করেন, গত বুধবার রাত ১১টার দিকে মাসুদসহ দুই-তিনজন কলিংবেল টিপে ঘরে ঢুকে তাকে মারধর করেন।

মামলার এজাহারে বলা হয়, দরজা খুলতেই এমদাদুলের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাসার ভেতরে প্রবেশ করেন তারা। কিছু বুঝে ওঠার আগেই এমদাদুলকে কিল-ঘুষি ও লাথি মারেন।

এমদাদুলকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও মারধর করে গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন মাসুদ ও তার সহযোগীরা। পরে বাড়ির গ্যারেজে থাকা এমদাদুলের মোটরসাইকল ভাঙচুর করেন।

আরও খবর:

‘বাসায় ঢুকে’ সাংবাদিককে মারধর, সাবেক যুবলীগ নেতা কারাগারে  

সাংবাদিক এমদাদুলকে ‘মারধরের’ মামলায় ‘হামলাকারী’ গ্রেপ্তার